বরগুনায় আ.লীগ-বিএনপির ১১ নেতাকর্মী কারাগারে
হরতালে অগ্নিসংযোগের মামলায় বিএনপি এবং বাস কাউন্টার দখলের মামলায় আওয়ামী লীগ ও বিএনপির ১১জন নেতাকর্মীকে জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠিয়েছে আদালত।
কারাগারে প্রেরিতদের মধ্যে বরগুনা জেলা ড্যাবের সভাপতি ও জেলা বিএনপি নেতা ডা. আবদুল খালেক নিজাম, তার ভাতিজা আমতলী উপজেলা ছাত্রদলের সভাপতি আবু সাঈদ জুবেরী, আমতলী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম মুসা ও আমতলী পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল রয়েছেন।
গত ২৮ অক্টোবর ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন আমতলীতে সরকার সমর্থকদের ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ওই সময় দুইপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়।
এ ঘটনায় আমতলীর যুবলীগ নেতা আব্দুল হান্নান ১৮ দলের ২৯৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।
এ মামলায় আবদুল খালেক ও আবু সাঈদকে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।
সকালে তারা ৮ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে মামলার অপর আসামি ৬ জনকে জামিন দেয়া হয়েছে।
বাস কাউন্টার দখল মামলা
অপরদিকে আমতলীতে সুগন্ধা বাস কাউন্টার দখল করা নিয়ে মারামারির মামলায় আমতলী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম মুসা ও আমতলী পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েলসহ ৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
সকালে তারা আমতলী আদালতে হাজির হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈ জয়ন্ত বিশ্বাস তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তাদেরকে কারাগারে পাঠানোর কথা স্বীকার করে আমতলী থানার ওসি শামসুল হক জানান, গত ৬ জানুয়ারি সুগন্ধা বাস কাউন্টার দখল করা নিয়ে মোতাহার মৃধার ছেলেদের সাথে তাদের সংঘর্ষ হয়।
ওই ঘটনায় মোতাহার মৃধার মেয়ে মাকসুদা আক্তার জোৎস্না মামলাটি করেন।
