২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হত্যা মামলায় মিনু-বুলবুল কারাগারে

পুলিশ হত্যা মামলায় জামিন নাকচ করে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুসহ ৩৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 03:30 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

কনস্টেবল সিদ্ধার্থ হত্যা ও বিস্ফোরক মামলায় গত ২০ জানুয়ারি হাই কোর্ট থেকে এক মাসের অন্তবর্তী জামিন পেয়েছিলেন বিএনপির এই নেতাকর্মীরা।

আদালত পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন জানান, বুলবুল, মিনু ও মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ ৩৬ জনের জামিনের আবেদন করা হয়। তবে আদালতের এজলাসে ওঠেন ৩৪ জন।

কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ২২ কাউন্সিলর রয়েছেন বলেও তিনি জানান।

তিনি বলেন, আদেশের পরপরই আদালত থেকে প্রিজন ভ্যানে করে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

এ সময় আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা।

গত বছর ২৬ ডিসেম্বর রাজশাহী শহরের রাজাহাতা এলাকায় বিএনপি নেতৃত্বাধীন জোটের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ট্রাকে বোমা হামলা হয়। ওই ঘটনায় নিহত হন পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ রায়।

বোয়ালিয়া থানার এসআই রফিকুল ইসলাম ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু, জেলা সভাপতি নাদিম মোস্তফা, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহীর সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আসম মামুন শাহিন, মাইনুল ইসলাম ও মাহবুব হাসান বুলবুলসহ ৮৫ জনের নাম উল্লেখ করে দুই মামলায় সাড়ে তিনশ জনকে আসামি করা হয়।

পুলিশ হত্যা: মিনু, বুলবুলসহ সাড়ে তিনশ আসামি