প্রধানমন্ত্রীর সাক্ষাতের প্রতিশ্রুতি পেলেন মানিক
টানা ১৮ ঘণ্টা অনশনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের প্রতিশ্রুত পেলেন কক্সবাজারের সাবেক ছাত্রনেতা সাইফ উদ্দিন আহমদ মানিক।
রোববার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিশেষ সহকারী সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শিখর সাবেক এই ছাত্রলীগ নেতাকে এ কথা জানান।
ওই সময় সাবেক ক্রিকেটার আকরাম খান, সাবেক ছাত্রলীগ নেতা শাহাজাদা মহিউদ্দিন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আজিম কনক, সাবেক সাধারণ সম্পাদক এমএ মনজুর উপস্থিত ছিলেন।
কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে সামনে রেখে তার সাক্ষাৎ পেতে মানিক শনিবার বিকাল ৫টা থেকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেন।
বেলা ১১টা পর্যন্ত কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি অনশন করেন। এরমধ্যে কক্সবাজারের বিভিন্ন ছাত্রনেতা, সাংস্কৃতিক কর্মী, সাহিত্যিক তার প্রতি সংহতি জানান।
বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়।
সাইফ উদ্দিন আহমদ মানিক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বিশেষ সহকারী সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শিখরের কথায় কর্মসূচি প্রত্যাহার করেছেন তিনি। শিখর তার সকল কাগজপত্র নিয়েছেন।
শিখর তাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী সস্ত্রীক তাকে (মানিক) ঢাকায় যেতে বলেছেন। এরপর তার সঙ্গে প্রধানমন্ত্রী আলাপ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাইফ উদ্দিন আহমদ মানিক নব্বইয়ের স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের নির্যাতিত এবং ওই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির ক্যাডাররা তার হাতের রগ কেটে দেয়।
বিগত বিএনপি জোট সরকারের সময় তার উপর পুলিশের নির্যাতনে তার কোমর ভেঙে যায়। সোজা হয়ে হাঁটতে পারেন না। কক্সবাজার শহরে বেকার জীবনযাপন করছেন তিনি।
কক্সবাজার জেলা ছাত্রলীগের গত জেলা কমিটির সিনিয়র সদস্য সাইফুদ্দিন মানিক বিভিন্ন সময় চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি, চকরিয়া কলেজ ও লক্ষ্যাচর ইউনিয়ন সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি মানিক বৈরাগী নামে কবিতা, গল্প, প্রবন্ধ লেখেন।
