‘ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের দাবি ঠিক নয়’
দেশে ৪০ ভাগ তৈরি পোশাক কারখানায় ন্যূনতম মজুরি দেওয়া হয় না বলে আন্তর্জাতিক শ্রমিক একটি শ্রমিক সংগঠনের দাবির দ্বিমত পোষণ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
তার মতে, শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন না করা কারখানার সংখ্যা ১৫ ভাগের বেশি হবে না।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শ্রম প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের ৮৫ ভাগের বেশি তৈরি পোশাক কারখানায় বর্তমানে শ্রমিকদের ন্যূনতম মজুরি দেয়া হচ্ছে।”
শনিবার এক সংবাদ সম্মেলনে ৪০ ভাগ তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের ন্যূনতম মজুরি দেয়া হয় না বলে দাবি করেন ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের সাধারণ সম্পাদক ইয়ুর্কি রায়না।
দু’দিনের সফরে এসে সরকার, গার্মেন্টস মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তিনি।
মুজিবুল হক বলেন, “সংগঠনটি যদি তাদের দাবি অনুযায়ী ৪০ ভাগ কারখানার তালিকা দিতে পারে তাহলে যাচাই করে দেখবো। তবে এর প্রকৃত সংখ্যা ১৫ ভাগের বেশি না।”
ন্যূনতম মজুরি বাস্তবায়ন না করা কারখানাগুলোর সঙ্গে মজুরি নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
“আগামী দুই মাসের মধ্যে বাকি পোশাক কারখানাগুলোও শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন করতে পারবে বলে আশা করছি।”
গত বছরের ৫ ডিসেম্বর পাঁচ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরি ধরে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামোর গেজেট প্রকাশ করে সরকার, যা ডিসেম্বরের প্রথম দিন থেকেই কার্যকরের নির্দেশ দেয়া হয়েছিল।
