জয়পুরহাট ও নওগাঁয় বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত
দলের সমর্থন না পেয়েও উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় জয়পুরহাট ও নওগাঁয় বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রোববার জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা এবং নওগাঁ জেলা বিএনপির সভাপতি শামসুজ্জোহা খান বহিষ্কারের খবর নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বিএনপির সদস্য খালেদুল মাসুদ আঞ্জুমান এবং নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোল্লা মাহমুদ রহমান রজার।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা জানান, ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে দল সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী রওনকুল ইসলাম চৌধুরী টিপুর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় খালেদুল মাসুদকে বহিষ্কার করা হয়েছে।
এ সময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ স্বাক্ষরিত বহিষ্কারাদেশটি পড়ে শোনান তিনি।
সেখানে বলা হয়েছে ক্ষেতলাল উপজেলায় আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খালেদুলকে উপজেলা বিএনপির সদস্য ও দলের প্রাথমিক সদস্য পদ হতে বহিষ্কার করা হয়েছে।
এদিকে নওগাঁ জেলা বিএনপির সভাপতি শামসুজ্জোহা খান বলেন, শনিবার কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, দলীয় শৃংখলা ভঙ্গের কারণে গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
