যুক্তরাজ্যে ডিসি ১০ এর ‘সিনিক ট্যুরে’ ব্যাপক সাড়া
সঙ্গী-সাথীরা অবসরে গেছে বেশ আগে। এতদিন একাই আকাশে ডানা মেলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা পৃথিবীর সর্বশেষ যাত্রীবাহী ডিসি ১০ উড়োজাহাজ।
বিশ্বের সর্বশেষ ডিসি-১০ উড়োজাহাজের শেষ তিনটি ‘সিনিক ট্যুর ফ্লাইটে’ যুক্তরাজ্যে ব্যাপক সাড়া মিলেছে।
গত শনিবার থেকে শুরু হওয়া তিনদিনের সিনিক ট্যুর ফ্লাইটে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা এভিয়েশন উৎসাহী ও বিশেষজ্ঞরা।
প্রতিটি সিনিক ট্যুর ফ্লাইটে ১৪৪ জন ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল শনিবার যুক্তরাজ্যের বার্মিংহামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে যে কয়টি সিনিক ট্যুর ফ্লাইট হওয়ার কথা ইতোমধ্যেই তার সব কয়টির আসন বুকড হয়ে গেছে।”
গত বৃহস্পতিবার ৩১৪ জন যাত্রী নিয়ে বার্মিংহামের উদ্দেশে যাত্রা করে বাংলাদেশ বিমানের বহরে থাকা সর্বশেষ ডিসি-১০ উড়োজাহাজটি। প্রায় ১৩ ঘণ্টা উড়াল দিয়ে তা গন্তব্যে পৌঁছায়।
কয়েকশ এভিয়েশন উৎসাহী এ সময় সেখানে সমবেত হন এ উড়োজাহাজটিকে বিদায় জানাতে আসেন, দীর্ঘদিন যেটি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের মেরুদণ্ড হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে।
সিনিক ট্যুর শেষে সোমবারই উড়োজাহাজটিকে ঢাকায় নিয়ে আসার কথা রয়েছে। এরপরে আর কোনদিনও আকাশে পাখা মেলবে না উড়োজাহাজটি।
কেভিন বলেন, “প্রাথমিকভাবে কথা হয়েছিল উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িংয়ের জাদুঘরে দিয়ে দেয়া হবে। তবে তারা বলেছে, অন্তত ছয় মাস তারা এটিকে জায়গা দিতে পারবে না। কিন্তু আগামী মে মাসের পর থেকে এই উড়োজাহাজটির আর আকাশে উড়ার সুযোগ নেই।”
তাই উড়োজাহাজটি স্ক্র্যাপ করে বিক্রির একটি ভালো সুযোগ বিমানের সামনে এসেছে, বলেন তিনি।
ডিসি-১০ কে বিদায় জানাতে গিয়ে অনেকটা আবেগরুদ্ধ হয়ে পড়েন বিমানের ক্যাপ্টেন কাইয়ূম।
“এতদিন এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে ছিল। এখন আমাদের খুব খারাপ লাগছে- শুধু বিমানের বহর থেকেই এটি চলে যাচ্ছে না, এরপর আর কোনো দিন কোনো ডিসি ১০ কে আমরা যাত্রী পরিবহন করতে দেখবো না।”
১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের দুটি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকডোনাল এয়ারক্রাফট করপোরেশন ও ডগলাস এয়ারক্রাফট কোম্পানি একীভূত হয়।
পরের বছর ম্যাকডোনাল-ডগলাস কোম্পানি প্রথম ডিসি ১০ উড়োজাহাজ তৈরি করে, যা আকাশে ওড়ে ১৯৭০ সালের ২৯ অগাস্ট।
১৯৭১ সালে আমেরিকান এয়ারলাইনসের মাধ্যমে যাত্রা শুরু করে তিন ইঞ্জিনবিশিষ্ট এই উড়োজাহাজ।
ম্যাকডোনাল-ডগলাস বেসামরিক ব্যবহারের জন্য মোট ৩৮৬টি ডিসি ১০ তৈরি করে। এছাড়া সামরিক বাহিনীর জন্য করে ৬০টি।
২৭৪ আসনের পাশাপাশি ডিসি ১০ উড়োজাহাজে রয়েছে ৩০ আসনের বিজনেস ক্লাস কম্পার্টমেন্ট। এছাড়া এটি ৩০ টন পর্যন্ত মালামাল বহনে সক্ষম।
ডিসি ১০ এর যাত্রীবাহী উড়োজাহাজ এখন আর কোনো বিমান সংস্থা ব্যবহার করে না। তবে মালবাহী (কার্গো) উড়োজাহাজ হিসেবে এখনো কয়েকটি বিমান সংস্থা এটি ব্যবহার করছে।
বিমানের বহরে থাকা ডিসি-১০ গুলোর মধ্যে একটি বছর দশেক আগে চট্টগ্রামে দুর্ঘটনায় পড়ে অচল হয়ে যায়। বাকি তিনটির দুটি অনেক দিন ধরে বিকল পড়ে আছে।
ডিসি ১০ উড়োজাহাজ সম্পর্কে সম্বন্ধে বলতে গিয়ে বিমানের মার্কেটিং বিভাগের সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ আলী বলেন, “লন্ডনে পুরাতন এই চার বিশ্বস্ত বন্ধুকে বিদায় জানাতে এসে আমি বাকরুদ্ধ। এই উড়োজাহাজগুলো দীর্ঘদিন আমাদের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের মেরুদণ্ড হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে।”
