দিনাজপুরে বাস খাদে, নিহত ২
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি বাস খাদে পড়ে এক স্কুল ছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ‘বর্ষা ফার্ম’ এলাকায় বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।
বীরগঞ্জ থানার ওসি আরমান হোসেন জানান, আহতদের কয়েকজনকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহতরা হলেন- বীরগঞ্জের ডাঙ্গাপাড়া গ্রামের জয়দেব রায়ের মেয়ে সোমা রানী রায় (১৪) এবং কাহারোল উপজেলার জয়নন্দ গ্রামের আনন্দ রায়ের স্ত্রী মালতী রানী রায় (৬৫)।
কিশোরী সোমা ‘বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের’ নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসটি বীরগঞ্জ থেকে যাত্রী নিয়ে পীরগঞ্জ যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত বাসটি ওঠানোর চেষ্টা চালাচ্ছেন। বাসের ভেতরে কেউ আটকে আছেন কিনা- তাও খুঁজে দেখা হচ্ছে।
