চাঁপাইনবাবগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপির একাংশের সমর্থিত প্রার্থী মোজাম্মেল হককে (৫৫) শনিবার বিকালে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ভোলাহাট থানার ওসি আবু ফরহাদ জানান, বিকাল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ভোলাহাট থানায় ২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন ওসি।
মোজাম্মেল ভোলাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। তার বাড়ি ওই উপজেলার মুসরীভুজা গ্রামে।
আগামী ১৫ মার্চ ভোলাহাট উপজেলা পরিষদের নির্বাচন হবে।
