প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে অনশন সাবেক ছাত্রলীগ নেতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেতে প্রতীক অনশন করছেন কক্সবাজারের সাবেক ছাত্রলীগ নেতা সাইফ উদ্দিন আহমদ মানিক।
শনিবার বিকাল ৫টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু করেন গত জোট সরকারের আমলে নির্যাতিত এই ছাত্রলীগ নেতা।
রোববার প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকালে সাক্ষাত পেতে তিনি এ কর্মসূচি পালন করছেন। প্রধানমন্ত্রী কক্সবাজার অবস্থান করার সময় পর্যন্ত তিনি অনশন করবেন বলে জানান।
এদিকে, এ অনশনে সংহতি প্রকাশ করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহমদ ও সাধারণ সম্পাদক আবু তাহেরসহ কয়েকজন ছাত্রলীগ নেতা।
সাইফুদ্দিন আহমদ মানিক জানান, বিগত বিএনপি জোট সরকারের সময় তার উপর পুলিশ ব্যাপক নির্যাতন চালায় । তার কোমর ভেঙে দেয়া হয়। সোজা হয়ে হাঁটাচলা করতে পারেন না। অর্ধ পঙ্গু ও অসুস্থ অবস্থায় কক্সবাজার শহরে এখনো বেকার জীবনযাপন করছেন।
২৮টি মিথ্যা মামলার আসামি হওয়ায় ফেরারি থাকা অবস্থায় তার বাবা-মা মারা যান। কিন্তু মামলা থাকায় তিনি তাদের জানাযায়ও অংশ নিতে পারেননি।
তিনি বিষয়টি নিয়ে রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে তার সাক্ষাৎ পেতে চান।
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাইফ উদ্দিন আহমদ মানিক নব্বইয়ের দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির ক্যাডারদের হাতে রক কাটার শিকার হন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় পুলিশের হেফাজতে নির্যাতিত ও কারাভোগ করেন তিনি।
কক্সবাজার জেলা ছাত্রলীগের গত কমিটির সিনিয়র এই সদস্য বিভিন্ন সময় চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি, চকরিয়া কলেজ ও লক্ষ্যাচর ইউনিয়ন সভাপতির দায়িত্ব পালন করেন।
