খুলনায় যুবলীগকর্মী খুন
উপজেলা নির্বাচনের তিন দিনের মাথায় খুলনার কয়রায় যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আওয়ামী লীগ নেতারা এই হত্যাকাণ্ডের জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন। এর সঙ্গে ঘের সংক্রান্ত বিরোধও যুক্ত ছিল বলে পুলিশ মনে করছে।
নিহত জাহান বকস আমাদী ইউনিয়নের যুবলীগকর্মী। শনিবার সকালে কয়রা থানার জায়গীর মহল এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গত বুধবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হন জামায়াতের আ খ ম তমিজউদ্দিন। তার তিন দিনের মাথায় এই হত্যাকাণ্ড ঘটল।
কয়রা থানার ওসি ফজলুর রহমান দুপুর বলেন, প্রতিপক্ষ জামায়াত শিবিরের লোকজন জাহানের ওপর হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, জাহান সকাল ১০টার দিকে জায়গীর মহলের একটি চায়ের দোকানে চা পান করছিল। তখন নির্বাচন নিয়ে জামায়াত-শিবিবেরর কয়েকজনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
এর কিছুক্ষণ পর জামায়াত-শিবিরের একদল কর্মী ধারাল অস্ত্র নিয়ে জাহানের ওপর হামলা চালায় বলে কয়রা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম মহসীন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, জামায়াত শিবিরের সন্ত্রাসীরা জাহানকে কুপিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি বলেন, হামলাকারীদের সঙ্গে মাছের ঘের নিয়ে জাহানের পূর্ববিরোধ ছিল।
