২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 11:06 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

নিহত অনিক (২২) ও  আকাশ (২২) বিশ্ববিদ্যালয়ের  তড়িত প্রকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। এ দুর্ঘটনায় পলাশ ও মমিন নামে তাদের অন্য দুই বন্ধু আহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের শাহজাদপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

আহত পলাশের বাবা রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হতাহতরা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শাহজাদপুরের চরাচিতুলিয়া গ্রামে এক বন্ধুর বিয়েতে এসেছিল তারা। বিকেলে বাঘাবাড়ি নৌ-বন্দর ঘুরে দেখার পর পাঁচটি মোটরসাইকেলে করে ১৫ বন্ধু বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল বলেন, পাল্লা দিয়ে চালাতে গিয়ে দুটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অনিক ও আকাশের মৃত্যু হয় বলে জানান তিনি।

অনিক ঢাকার উত্তর বাড্ডা এলাকার আবুল হাসেমের ছেলে এবং আকাশ শাহজাদপুর উপজেলার চরকাদাই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

আহত পলাশকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মমিনকে ঢাকায় পাঠানো হয়েছে।

পলাশের বাড়ি শাহজাদপুরের কাকলামাড়ি গ্রামে। আর মমিনের বাড়ি পাবনার বেড়া উপজেলার শালিনা গ্রামে।