নোয়াখালীতে নৈশ প্রহরীকে জবাই
নোয়াখালী সদরের র্ধমপুর ইউনয়িনে এক নৈশ প্রহরীকে জবাই করে হত্যা করছে দুর্বৃত্তরা।
নিহত নিজাম উদ্দিন (৩৫) সদর উপজেলার উত্তর ওয়াপদার এ. রব প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ সামগ্রীর পাহারাদার ছিলেন। তিনি চরমটুয়া ইউনিয়নের আন্ডারচরের মাইচরা গ্রামের অজু মিয়ার ছেলে।
শুক্রবার সকালে বিদ্যালয়ের পাশের একটি কক্ষ থেকে পুলিশ তার গলাকাটা লাশ উদ্ধার করে বলে সুধারাম মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মোশাররফ জানান, সাতক্ষীরা থেকে আসা কয়েকজন শ্রমিক এ.রব প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণের কাজ করছিলেন। সেখানে নির্মাণ সামগ্রী পাহারার দায়িত্বে থাকা নিজামের সঙ্গে তাদের প্রায়ই কথা কাটাকাটি হতো। সকালে স্থানীয় লোকজন নিজামের জবাই করা লাশ দেখে থানায় খবর দেয়।
ঘটনার পর থেকে সাতক্ষীরা থেকে আসা শ্রমিকরা পলাতক রয়েছেন।
লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি মোশাররফ জানান।
