টঙ্গীতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন
টঙ্গীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত খোকন (২৩) উত্তরার আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিবিএ শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি নোয়াখালীর কমলনগর থানার তুরাবগঞ্জ গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
টঙ্গী থানার উপপরিদর্শক আবদুল মান্নান তালুকদার জানান, শুক্রবার ভোর ৫টার দিকে দত্তপাড়ায় খোকনের ওপর হামলা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
ওই হামলায় খোকনের বন্ধু আব্দুর রহমানও (২২) আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
উপপরিদর্শক মান্নান জানান, খোকন ও রহমান ভোরে চেরাগআলী বাজার থেকে মোটরসাইকেলে করে দত্তপাড়া যাচ্ছিলেন।
“দত্তপাড়া শাহ বিদ্যানিকেতন এলাকায় পেছন থেকে একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা প্রতিবাদ জানায়। এ সময় প্রাইভেট কার থেকে কয়েকজন যুবক নেমে এলে তাদের সঙ্গে খোকনের কথা কাটাকাটি হয়। ”
এক পর্যায়ে প্রাইভেটকারের যুবকরা রহমান ও খোকনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে জানান মান্নান।
খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে সকাল ৮টার দিকে মারা যান খোকন।
