২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্তাটি আল কায়েদারই: জিহাদোলোজি

বাংলাদেশে জিহাদের ডাক দিয়ে আল কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির অডিও টেপটি প্রাইমারি সোর্স (আল কায়েদা) থেকেই পেয়েছিলেন বলে জানিয়েছেন ওয়াশিংটনভিত্তিক ‘জিহাদোলোজি ডট নেট’ ওয়েবসাইটের কর্ণধার অ্যারন জেলিন।

শওগাত আলী সাগর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 11:07 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বার্তাটি আল কায়েদারই-এ বিষয়ে তার কোনো সন্দেহ নেয় জানিয়ে তিনি বলেন, “আমি শতভাগ নিশ্চিত-এটা আল কায়েদার বার্তা।”

গবেষণা সংস্থা দ্য ওয়াশিংটন ইন্সটিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির রিসার্চ ফেলো অ্যারন জেলিনের পরিচালিত জিহাদোলোজি ডট নেটে গত ১৪ জানুয়ারি জাওয়াহিরির অডিওবার্তাটি  প্রকাশিত হয়।

সম্প্রতি বাংলাদেশি গণমাধ্যমে ওই বার্তার খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তাপ দেখা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীও বিষয়টি নিয়ে তৎপর হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়, জিহাদোলোজি ডট নেট নামের একটি ওয়েবসাইটে অডিও বার্তাটি প্রকাশিত হয়। এরপর বাংলাদেশে ওই ওয়েবসাইটটি বন্ধ করে দেয় হয়।

এ প্রেক্ষাপটে ওয়েবসাইটটির কর্ণধার অ্যারন জেলিনের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করা হয়। সোম ও মঙ্গলবার কয়েক দফায় ই-মেইল চালাচালিতে অ্যারন জেলিন ওই অডিওবার্তা নিয়ে বিভিন্ন তথ্য দেন।

তিনি বলেন, আল ফিদা নামে আল কায়েদার নিজস্ব একটি অনলাইন ফোরাম আছে। তাদের যে কোনো বক্তব্য প্রথমে ওই ফোরামে প্রকাশিত হয়। আলোচিত অডিও বার্তাটিও আল ফিদা ফোরামে প্রথম প্রকাশিত হয়।

আরবি ভাষায় পরিচালিত আল ফিদা ফোরামের সূত্রেই অডিও বার্তাটি পেয়ে নিজের ওয়েবসাইটে আপলোড করেন বলে জানান জেলিন।

তিনি বলেন, তিনি যেহেতু বাংলাদেশ নিয়ে গবেষণা করেন না সেকারণে তিনি অডিওটি শোনেননি। এর বিষয়বস্তু সম্পর্কেও তিনি অবগত ছিলেন না।

“সব জিহাদি কনটেন্টই আমি আমার সাইটে আপলোড করি। এটা করি যাতে অন্যান্য গবেষকদের তথ্য পেতে সহায়তা হয়,” বলেন তিনি।

জেলিন বলেন, আল কায়েদা নিয়ে যারা গবেষণা করেন তাদের অনেকেই জিহাদোলোজি ডট নেট ওয়েবসাইটটি ব্যবহার করেন। এটি নিতান্তই একাডেমিক একটি ব্লগ। ওয়েবসাইটের ‘অ্যাবাউট মি’ সেকশনেও তাই বলা হয়েছে।

“আমার ওয়েবসাইট কখনোই সেনসেশনাল মিডিয়া কাভারেজের বিষয়বস্তু হয়ে উঠেনি।

বাংলাদেশের মিডিয়া প্রথমবারের মতো সেনসেশন তৈরি করে দিল। অথচ কোনো একটি মিডিয়াও আমার সাথে যোগাযোগ করেনি বা আমার বক্তব্য জানার চেষ্টা করেনি। তারা তাদের মতো করে লিখে যাচ্ছে। বাংলাদেশের মিডিয়া এই ক্ষেত্রে খুবই অপেশাদার আচরণ করেছে।”

অডিও বার্তাটি সত্যিই আল-কায়েদা প্রধানের কি না জানতে চাইলে দ্য ওয়াশিংটন ইন্সটিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির এই রিসার্চ ফেলো বলেন, “শতকরা ১০০ ভাগ নিশ্চয়তা দিতে পারি, এটা আল-কায়েদার বার্তা। আমি আগেও বলেছি, প্রাইমারি সোর্স থেকে আমি এই অডিও বার্তাটি পেয়েছি। এটি যে আল কায়েদারই বার্তা সে ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।”

প্রায় এক মাস আগে আপলোড হওয়া বাংলাদেশ নিয়ে আল কায়েদা প্রধানের বার্তাটি এখন আর জিহাদোলোজি ডট নেটের প্রচ্ছদে নেই। ‘বাংলাদেশ’ লিখে সার্চ দিলে বাংলাদেশ সম্পর্কিত তিনটি লিঙ্ক পাওয়া যায়।

১৯ সেপ্টেম্বর ২০১০ সালে আপলোড করা প্রথম বার্তাটি ছিল, আফগানিস্তানে তালেবানদের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে চলমান যুদ্ধে বাংলাদেশি সৈন্য চেয়ে সরকারের কাছে অনুরোধ করেছিল। তারই প্রতিক্রিয়া জানিয়ে ওই বার্তা প্রচার করা হয়েছিল আফগান তালেবানদের পক্ষ থেকে। তাতে আফগানিস্তানে বাংলাদেশি সৈন্য পাঠানোর যে কোনো উদ্যোগ প্রতিহত করার আহ্বান জানানো হয়েছিল। ওই বার্তাটি কোনো ধরনের সম্পাদনা ছাড়াই আপলোড করে জেহাদোলোজি ডট নেট।

দীর্ঘদিন পর গত বছরের ২ এপ্রিল একটি অডিও বার্তা আপলোড করা হয় এই ওয়েবসাইটে। তাতে বাংলাদেশি ব্লগারদের ‘ধর্ম অবমাননার’ বিরুদ্ধে জিহাদে নামার আহ্বান জানানো হয়।

তার এক মাস পরে গত ৫ মে হেফাজতে ইসলাম ঢাকায় বড় ধরনের সমাবেশ করে সরকারবিরোধী বক্তব্য নিয়ে হাজির হয়।

‘ওই কণ্ঠ জাওয়াহিরির’