সিরাজগঞ্জ সদর-কাজিপুরে বৃহস্পতিবার হরতাল
ভোট কারচুপির অভিযোগে সিরাজগঞ্জ সদর ও কাজিপুর উপজেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
বুধবার প্রথম পর্বের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এ নিয়ে বিএনপি ১০টি উপজেলায় হরতাল ডাকল।
অন্য উপজেলাগুলো হচ্ছে মেহেরপুর সদর, ঝিনাইদহের সদর ও শৈলাকুপা, বগুড়ার সোনাতলা, বরিশালের বাকেরগঞ্জ ও গৌরনদী, পাবনার সুজানগর ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু সন্ধ্যার পর জানান, সদর উপজেলার খোকসাবাড়ি, রতনকান্দি ও ছোনগাছা ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাল ভোট প্রদান করেছে এবং বিএনপি নেতাকর্মীদের ভোট প্রদানে বাধা প্রদান দিয়েছে।
“এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার হরতাল পালিত হবে।”
এরআগে একই অভিযোগে দুপুরে বিএনপি কেন্দ্রীয় কমিটি কাজিপুরে হরতালের ডাক দেয়।
