নীলফামারীতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, প্রার্থী আটক
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক ভাইস-চেয়ারম্যান প্রার্থীকে আটক করেছে পুলিশ।
আটক হিটলার চৌধুরী ভুলু সৈয়দপুর উপজেলা পরিষদের নির্বাচনে উড়োজাহাজ প্রতীক নিয়ে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বুধবার বিকেলে ভোট শেষের পর উপজেলার গোলাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
সৈয়দপুর থানার ওসি সহিদার রহমান জানান, আটকের আগে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শটগানের ফাঁকা গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিকেল সাড়ে ৫টার দিকে ভোট শেষ হওয়ার পর হিটলার চৌধুরী ও তার ছোট ভাই জুয়েল চৌধুরী গোলাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাইক দিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে ডাকেন।
“মাইকের ঘোষণা শুনে ভোটাররা কেন্দ্রে ভিড় করতে থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কেন্দ্রে ঢুকতে বাধা দিলে উত্তেজনা তৈরি হয়।
“পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড কাঁদুনে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে।”
এসময় ওই ভোটকেন্দ্র থেকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে হিটলার চৌধুরী ভুলুকে আটক করে নির্বাচন কমিশনের হেফাজতে দেয়া হয়।
