২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে পুলিশকে কুপিয়েছে আ’লীগপন্থি

কিশোরগঞ্জের করিমগঞ্জে কেন্দ্র দখলে বাধা দেয়ার ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ সদস্যকে কুপিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকেরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 07:25 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

এ ঘটনায় আহত হয়েছে ঘটনায় অভিযুক্ত এক যুবলীগ নেতাও।

বুধবার দুপুরে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের দক্ষিণ নানশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এসআই মনোরঞ্জন দত্ত (৬০) ও পুলিশের কনস্টেবল বশির আহত হন।

মনোরঞ্জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে করিমগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান বলেন, “হামলায় জড়িত রিপন ও তার ভাই শওকত কবীর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।”

এ ঘটনায় পৌনে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত ২ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে,  সকাল সাড়ে ১০ টার দিকে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের (কাপপিরিচ মার্কা) সমর্থক মাহবুবুর রহমান রিপন সহযোগীদের নিয়ে হাজির হয়ে ভোটকেন্দ্র দখলের চেষ্টা চালান।

এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে পুলিশের বন্দুকের বাটের আঘাতে আহত হন রিপন। পরে পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে রাখে।

খবর পেয়ে পুলিশের মোবাইল টিম সেখানে যায়।

এ সময় রিপনের বড় ভাই আইনজীবী শওকত কবীর খোকন দেশীয় অস্ত্রসহ সহযোগীদের নিয়ে পুলিশের উপর হামলা চালান।

তাদের এলোপাথাড়ি হামলায় এসআই মনোরঞ্জন দত্ত ও পুলিশের কনস্টেবল বশির আহত হন।

মনোরঞ্জনের মাথায় দায়ের কোপ লাগায় আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাঠির আঘাতে আহত বশিরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।