গোসাইরহাটে বিএনপির প্রার্থীর নির্বাচন বর্জন
ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার প্রতিবাদে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্জনের দিয়েছেন।
এ বিষয়ে প্রার্থী সাহেদ পারভেজ আব্বাস মোল্যা গোসাইরহাট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন।
এ উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির সাহেদ পারভেজ আব্বাস মোল্যা ছাড়াও প্রার্থী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত সৈয়দ মো. নাসির উদ্দিন।
সাহেদ পারভেজ আব্বাস মোল্যা জানান, ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে দুপুর পর্যন্ত রানীসার, দক্ষিণ কোদালপুর, গরিবেরচর, মাসুয়াখলী, নাগেরপাড়া, চরসাত মাটিয়া, হাটুরিয়া ইদিলপুর উচ্চ বিদ্যালয়, ইদিলপুর বালিকা উচ্চ বিদ্যালয়, হাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় ৩০টি কেন্দ্রে তার এবং সৈয়দ মো. নাসির উদ্দিনের এজেন্টদের জোরপূর্বক বের করে দেয় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ নাসির উদ্দিনের সর্মথকরা।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টি আই এম মহিতুল গনি মিন্টু সরদার বলেন, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ নাসির উদ্দিনের সর্মথকরা উপজেলা সদরের ২/৩টি কেন্দ্র ছাড়া সব কেন্দ্রের বিএনপি এজেন্টদের বের করে দেয়।
কিছু কিছু কেন্দ্রের পোলিং অফিসারদের সহযোগিতায় আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সিল দেন বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে সহকারী রির্টানিং অফিসার কামরুন্নাহার বলন, চেয়ারম্যান পদপ্রার্থী সাহেদ পারভেজ আব্বাস মোল্যার পক্ষ থেকে নির্বাচন বর্জনের লিখিত দরখাস্ত পেয়েছি। ঊর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
