২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরা চেয়ারম্যানের বিরুদ্ধে পাল্টা মামলা বাবুলের

মানহানির অভিযোগ এনে এবার বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বিরুদ্ধে মামলা করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 06:04 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

একই অভিযোগে যমুনা চেয়ারম্যানের বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের মামলার দুদিনের মাথায় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা হয়েছে।

বাবুল যমুনা গ্রুপের এনার্জি ড্রিংক ‘হান্টার’ নিয়ে মিথ্যা ও মানহানিকর খবর প্রকাশের অভিযোগ এনে ২ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে এই মামলা করেছেন।

কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদকে সূত্র ধরে যুগান্তরের মালিক বাবুল এই মামলা করেছেন।

এতে বসুন্ধরা  চেয়ারম্যানসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে। অন্যরা হলেন- শাহ আলমের স্ত্রী আফরোজা বেগম, ছেলে সায়েম সোবহান, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, প্রকাশক মইনুল হোসেন চৌধুরী,  বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।

অভিযোগ আমলে নিয়ে বিচারক ফজলে এলাহী ভূইয়া আগামী ২০ মার্চ ছয় বিবাদীকে আদালতে হাজির হয়ে জবাব দাখিল করার আদেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি ‘হান্টার’ নিয়ে বিভিন্ন শিরোনামে কালের কন্ঠ ও বাংলাদেশ প্রতিদিনে বিভিন্ন মিথ্যা এবং মানহানিকর খবর প্রকাশ করা হয়েছে। এ খবরে বাদীর জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন হয়েছে।

গত সোমবার একই আদালতে বসুন্ধরা চেয়ারম্যান শাহ আলম মানহানির অভিযোগ এনে ১১শ’ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন যমুনা চেয়ারম্যান বাবুলের বিরুদ্ধে।

ওই মামলাও হয়েছিল যমুনা গ্রুপের মালিকানাধীন যুগান্তরে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদ নিয়ে।

ওই মামলায় বিবাদীর তালিকায় বাবুল ছাড়াও রয়েছেন তার স্ত্রী, সংসদ সদস্য ও যুগান্তরের সম্পাদক সালমা ইসলাম, প্রকাশক শামিম ইসলাম, নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম, যমুনা প্রিন্টিং ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ।

বসুন্ধরা ও যমুনা গ্রুপের মধ্যে রেশারেশি অনেক দিনের, তবে কয়েক বছর আগে দুই পক্ষ বিরোধ চাপা দিয়ে যৌথ কোম্পানিও খুলেছিল, পরে অবশ্য আগের বিরোধ প্রকট হয়ে ওঠে।

বাবুলের বিরুদ্ধে মানহানি মামলা আকবর সোবহানের