২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় এক কেন্দ্রে ভোট স্থগিত

ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার পর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 05:01 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মিয়া জানান, দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের পর মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই হলে ভোট স্থগিত করা হয়।

তিনি জানান, সকালে স্বাভাবিক পরিবেশেই ভোট শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ সমর্থিত নারী ভাইস চেয়ারমান প্রার্থী আফরোজা নাসরিন লিপির সমর্থকরা ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। এ সময় বিএনপি সমর্থকরা বাধা দিলে সংঘর্ষ হয়।

“এক পর্যায়ে প্রায় দুশো লোক ভোট কেন্দ্রে ঢুকে পড়ে। তারা দুটি বুথ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ভোট স্থগিত করে নির্বাচনী সরঞ্জাম নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফিরে যান বলে জানান ওসি।

নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলামও ওই কেন্দ্রে ভোট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।