২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরিষাবাড়িতে দুই কেন্দ্রে সংঘর্ষ, আহত ৬

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় দুইটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ছয় জন আহত হয়েছেন। এরমধ্যে একটি কেন্দ্রে ভোট গ্রহণ একঘণ্টা বন্ধ ছিল।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 04:59 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

সরিষাবাড়ি থানার ওসি কামরুল আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।

তিনি বলেন, রামানন্দপুর কেন্দ্রে জোর করে ভোট নেওয়ার সময় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ৫ জন আহত হয়েছে।

এ সময় ওই কেন্দ্রে একঘণ্টা ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।

এছাড়া সেংগুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জোরপূর্বক ভোট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় এক জন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানান ওসি।