সিরাজগঞ্জে বাস উল্টে স্কুল ছাত্রী নিহত
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কে বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এরপর বাসটি খাদে পড়ে গেলে অন্তত ২০ যাত্রী আহত হন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি এটিএম আমিনুল ইসলাম জানান, বুধবার সকাল ১১টার দিকে নলকা ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনায় নিহত রাবেয়া খাতুন (১৪) নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে ৯ম শ্রেণির ছাত্রী ছিল।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বনপাড়া থেকে ঢাকাগামী ‘জাহাঙ্গীর পরিবহনের’ একটি বাস পথচারী স্কুলছাত্রী রাবেয়াকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাবেয়ার মৃত্যু হয়।
লাশ স্বজনরা নিয়ে গেছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
