ভোট ‘উৎসব’ শেষে ফলের অপেক্ষা
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় ৪০ জেলার ৯৭ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট শেষে গণনা চলছে।
ভোট গণনার এই চিত্র রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের। ভোট গণনার এই চিত্র রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের।
বুধবার সকাল ৮টায় এসব উপজেলার প্রায় সাত হাজার ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়; চলে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ভোট হয়েছে উৎসবের আমেজে। ৪টায় ভোট শেষ হলেও ওই সময়ের মধ্যে যারা ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে লাইনে ছিলেন, তাদের সবার ভোট গ্রহণ করা হবে।”
তিনি জানান, কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা শেষে স্থানীয় পর্যায়ে ফলাফল সংগ্রহ করে পরিবেশনের ব্যবস্থা নেবে ইসি।
উৎসবের আমেজে ভোটের কথা বললেও ভোট পড়ার হার নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইসি সচিব।
“কতো ভোট পড়ছে তা সঠিকভাবে বলতে পারব না। ফলাফল আসার পর তা আপনাদের জানাব।”
শন্তিপূর্ণ ভোটের মধ্যেও বিচ্ছিন্ন কিছু ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়া, ঝিনাইদহের শৈলকুপাসহ কয়েকটি উপজেলার মোট পাঁচটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
আওয়ামী-বিএনপি সমর্থকদের সংঘর্ষের কারণে জামালপুরের সরিষাবাড়ী, যশোরের অভয়নগর, নেত্রকোনার কেন্দুয়াসহ কয়েকটি কেন্দ্রে কিছু সময় ভোট বন্ধ রাখেন সংশ্লিষ্ট প্রিজাইডং কর্মকর্তারা।
ভোট চলাকালে দুপুরে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপি অভিযোগ করে, বিভিন্ন কেন্দ্র থেকে তাদের সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দিয়ে ‘একতরফা’ ভোট হচ্ছে।
ভোটাররা ভোট দিতে পারছে না অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতাসীনরা উৎসাহিত হয়ে এখন উপজেলাও একই কায়দায় কাজ করছে। তাদের গোপন পরিকল্পনা প্রকাশ্যে রূপ নিয়েছে আজকের প্রথম দফার উপজেলা নির্বাচনে।”
নির্বাচনে ভোট ‘জালিয়াতির’ অভিযোগ এনে মেহেরপুর সদর, ঝিনাইদহের সদর ও শৈলাকুপা, বগুড়ার সোনাতলা, বরিশালের বাকেরগঞ্জ ও গৌরনদী, ভোলার লালমোহন, পাবনার সুজানগর ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বৃহস্পতিবার হরতালও ডেকেছে স্থানীয় বিএনপি।
বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামও বলেছেন, নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে।
ভোট শেষে এক সংবাদ সম্মেলনে তিনি পাল্টা অভিযোগ করেন, “অনেক জায়গায় আমাদের সমর্থদের বিএনপি-জামাতের লোকেরা বের করে দিয়েছে। নির্বাচন কমিশনে আমরাও প্রচুর অভিযোগ করেছি। কিন্তু এগুলো সব বিচ্ছিন্ন ঘটনা।”
অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, “এটা নির্দলীয় নির্বাচন। দলভিত্তিক কোনো নির্বাচন নয়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ইসি নিশ্চিত করেছে।”
ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত এই ব্রিফিংয়ে কমিশনের উপ সচিব মিহির সারওয়ার মোর্শেদ ও জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামানও উপস্থিত ছিলেন।
ভোট বর্জন-হরতাল
নির্বাচনে ভোট ‘জালিয়াতির’ অভিযোগ এনে সাত জেলার নয় উপজেলায় বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি।
বুধবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “এখনো আমরা সব তথ্য পাইনি। স্থানীয়ভাবে যেসব উপজেলা থেকে খবর আসছে, তাতে বোঝা যাচ্ছে- ক্ষমতাসীন দল ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে উৎসাহিত হয়ে উপজেলা নির্বাচনও একতরফাভাবে করছে। বিভিন্ন উপজেলায় কেন্দ্র দখলের নমুনা তার প্রমাণ।”
বিএনপির এই নেতা বলেন, এদিন ৯৭ উপজেলায় ভোট হয়েছে। এর মধ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ, ঢাকার নবাবগঞ্জ, মানিকগঞ্জের দৌলতপুর ও শিবালয়, বগুড়ার সোনাতলা, সিরাজগঞ্জের সদর ও কাজীপুর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুর, বরিশালের গৌরনদী ও বাকেরগঞ্জ, খুলনার দিঘলিয়া, মেহেরপুর সদর, ঝিনাইদহের শৈলকুপা ও সদর, জামালপুরের সরিষাবাড়ি, ভোলার লালমোহন, শরিয়তপুরের গোসাইরহাট, পাবনার সুজানগর প্রভৃতি উপজেলায় আওয়ামী লীগের ‘ক্যাডাররা’ ভোট কেন্দ্র দখল করেছে।
বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয় বলেও অভিযোগ তার।
“এর প্রতিবাদে স্থানীয়ভাবে আটটি উপজেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে,” বলেন তিনি।
সকাল সাড়ে ১০টার দিকে বরিশালের গৌরনদী প্রেস ক্লাব চত্বরে হাজির হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যানপ্রার্থী মেহেদী হাসান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী তাসলিমা পারভিন, বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জহির সাজ্জাদ হান্নান শরীফ।
একই অভিযোগে বাকেরগঞ্জ উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. খলিলুর রহমান, বিএনপির বিদ্রোহী মশিউর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতিকুর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন।
কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার পর প্রশাসনের কাছে অভিযোগ করে ভোলার লালমোহনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলাম বাবুল (কাপ-পিরিচ) ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভিন আখতার দুলাল (বৈদ্যুতিক পাখা), বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আকতারুজ্জামান (দোয়াত-কলম) নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
পাবনার সুজানগর উপজেলায় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ তুলে ভোট বর্জন করেন বিএনপি সমর্থক চেয়ারম্যান প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু। তার অভিযোগ, বনপোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলে তার নির্বাচনী এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি।
নির্বাচনে কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করার অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপি সমর্থিত প্রার্থী রাকিবুল হাসান দীপু, বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রোকসানা আক্তার।
এছাড়া সিরাজগঞ্জের কাজিপুরি উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাহেদ পারভেজ আব্বাস মোল্যা ও জামায়াতে ইসলামীর সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মো. নাসির উদ্দিন নির্বাচন বর্জন করেছেন।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ২০টি কেন্দ্রে পুনঃভোটের দাবি করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন। তিনিও একই ধরনের অভিযোগ করেছেন।
এসব ঘটনার প্রতিবাদে মেহেরপুর সদর, ঝিনাইদহের সদর ও শৈলাকুপা, বগুড়ার সোনাতলা, বরিশালের বাকেরগঞ্জ ও গৌরনদী, ভোলার লালমোহন, পাবনার সুজানগর ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বৃহস্পতিবার হরতাল ডেকেছে স্থানীয় আওয়ামী লীগ।
বিক্ষিপ্ত সংঘর্ষ, ব্যালট ছিনতাই
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একটি কেন্দ্রে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি-জামায়াত সমর্থকদের কয়েকদফা সংঘর্ষ এবং ব্যালট বাক্সে অগ্নিসংযোগের পর ভোট গ্রহণ স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে সলপ ইউনিয়নের নলসন্ধ্যা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নলসন্ধ্যা কেন্দ্রের আশপাশে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়।
এরপর দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি-জামায়াত সমর্থকরা লাঠিসোটা নিয়ে নলসন্ধ্যা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে। এ সময় তারা পাঁচটি ব্যালেট বাক্স ছিনিয়ে নিয়ে বিদ্যালয় চত্বরেই আগুন ধরিয়ে দেয়।পরে এই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।
নেত্রকোনার কেন্দুয়া পিজাহাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোট চলাকালে এ ঘটনার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এর আগে দুপুরে একই উপজেলার কাওড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেভোট ছিনতাই ঠেকাতে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার পর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।
শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান মিয়া জানান, দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের পর মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই হলে প্রিজাইডিং কর্মকর্তা এই সিদ্ধান্ত নেন।
জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় দুইটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ছয় জন আহত হন। এরমধ্যে একটি কেন্দ্রে ভোট গ্রহণ একঘণ্টা বন্ধ থাকে।
সরিষাবাড়ি থানার ওসি কামরুল আহসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
এছাড়া সেংগুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় এক জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ক্ষমতাসীন দলের সমর্থকরা মিঠানালা রামদয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরে বাক্সে ফেলার চেষ্টা করলে প্রায় আধঘণ্টার মতো ভোট গ্রহণ বন্ধ থাকে বলে ইসি কর্মকর্তারা জানান।
বরিশালের গৌরনদী উপজেলায় শরিকল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হন চার যুবক।
এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই কেন্দ্রে কর্তব্যরত পুলিশের এসএসআই মো. নাসিরকে সাময়িক বরখাস্ত এবং কনস্টেবল নুরুল ইসলাম ও শহিদুল ইসলামকে পুলিশ লাইন্স এ প্রত্যাহার করা হয়।
জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি বাদলপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪০টি ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় এক এসএসআই ও এক কনস্টেবলকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা ওই কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
যশোরের অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের চেষ্টার পর পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বুধবার বেলা ১২টার দিকে রাজঘাট জাফরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মাগুরা সদর উপজেলার ভবনহাটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইযিং অফিসার রমজান আলীকে আওয়ামী লীগের বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম শেখ মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়।
ভোটের শেষ পর্যায়ে বিকার ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে শামীম শেখ এই অভিযোগ অস্বীকার করেছেন।
টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুর পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টুকে একটি কেন্দ্র থেকে লাঞ্ছিত করে বের করে দেয়া হয়। মুকসুদপুর সদরের প্রভাকরদি কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অন্যদিকে পুরাতন মুকসুদপুর কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ মো. কাবির মিয়া ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের দুই সমর্থকের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
গ্রেপ্তার-সাজা
ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়ার অভিযেগে ঝিনাইদহের শৈলকুপায় চৌগাছী ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান ফয়েজকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজর টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম মামুন আল ফারুক।
সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ফয়জুর রহমান বিএনপি সমর্থক ভোটারদের কোলেমনখালী স্কুল কেন্দ্রে যেতে বাধা দিচ্ছেন- এমন অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সকালে নরসিংদী পলাশ উপজেলার সেকানদরদী এএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে থেকে গুলিভর্তি দুটি পিস্তলসহ দুই যুবককে আটক করে পুলিশ।
মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে দলটির কর্মী মহসিন আলীকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় না হওয়ায় তাকে জেলহাজতে পাঠানো হয়।
এছাড়া আচরণবিধি লঙ্ঘন করে মাইকে প্রচার চালানোর অভিযোগে সাভার উপজেলায় দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ভ্রাম্যমাণ আদালত ১২ হাজার টাকা জরিমানা করে।
এর মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী শরীফ হোসেন খানকে ১০ হাজার এবং আওয়ামী লীগ সমর্থিত আবদুল আওয়ালকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
