২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট কিনতে গিয়ে পৌর মেয়র লাঞ্ছিত

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে মুকসুদপুর পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টুকে একটি কেন্দ্র থেকে লাঞ্ছিত করে বের করে দেয়া হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 04:06 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

বুধবার মুকসুদপুর উপজেলা নির্বাচনে মুকসুদপুর সদরের প্রভাকরদি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে মুকসুদপুর থানার ওসি ফেরদৌস হোসেন বলেন, “শান্তিপূর্ন ভাবে  মুকসুদপুরে ভোট গ্রহন চলছে।”

পুলিশ জানায়, মুকসুদপুর পৌর মেয়র ‘আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী’ মো. কাবির মিয়ার পক্ষে ওই কেন্দ্রে টাকা দিয়ে ভোট কেনার সময় নির্দলীয় প্রার্থী  আশরাফুল আলম শিমুলের সমর্থকরা তাকে লাঞ্ছিত করে বের করে দেয়।

এ নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে পুরাতন মুকসুদপুর কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ মো. কাবির মিয়া ও  স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের দুই সমর্থকের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এছাড়া, মুকসুদপুরের খান্দারপাড়ে ওই দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপে পরে পরিস্থিতি শান্ত হয়।