২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন আরফিন রুমি

প্রথম স্ত্রীর করা যৌতুকের মামলায় কারাগারে থাকা কণ্ঠশিল্পী আরফিন রুমি জামিন পেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 03:25 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক তানজিনা ইসমাইল বুধবার শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

রুমির পক্ষে আদালতে শুনানি করেন জাহিদুল আলম জাহিদ ও শাহাদত হোসেন।

গত ১৩ ফেব্রুয়ারি রুমির প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার আবেদনে একই ট্রাইব্যুনালের বিচারক আরিফুর রহমান তাকে কারাগারে পাঠান।

অনন্যার আইনজীবী আরিফউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যৌতুকের জন্য মারধরের অভিযোগে গত বছর ১১ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর থানায় এই মামলা করেন রুমির প্রথম স্ত্রী।

এর একদিন পর ছোটভাই ইয়াসিন রনিসহ গ্রেপ্তার হন রুমি। তবে আপসরফায় অনন্যাকে ২০ লাখ টাকা এফডিআর করে দেয়ার শর্তে আদালত থেকে জামিন পান তিনি।

গত ১৯ জানুয়ারি এ মামলায় রুমির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এরপর ১৩ ফেব্রুয়ারি ঢাকার ৪ নাম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র গ্রহণ ও আসামির হাজিরার ধার্য দিনে আদালতে হাজির হলে স্ত্রীর দেয়া ‘শর্ত ভঙ্গের’ কারণ দেখিয়ে বিচারক রুমিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অতি অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া আরফিন রুমি একসঙ্গে দুই স্ত্রী রেখে সমালোচনার মধ্যে পড়েন। প্রথম স্ত্রী লামিয়ার ঘরে রুমির একটি ছেলে রয়েছে।

দূরবীন ব্যান্ড দলের সাবেক সদস্য রুমি ২০০৯ সালে তার অ্যালবাম ‘এসো না’র জন্য ‘ইউরো চলচ্চিত্র সাংবাদিক ফোরাম’ পুরস্কার পান। ২০১০ সালে তিনি বিনোদন বিচিত্রা পুরস্কার পান সুরকার হিসেবে।

জামিন বাতিল, আরফিন রুমি কারাগারে