বিমানবন্দরে পরিচ্ছন্নতাকর্মীর জুতায় ‘২ কোটি টাকার সোনা’
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক পরিচ্ছন্নতাকর্মীকে ৪০টি সোনার বিস্কুটসহ আটক করেছেন শুল্ক গোয়েন্দারা, যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।
শুল্ক বিভাগের সহকারী কমিশনার কামরুল হাসান জানান, বুধবার বেলা ১২টার দিকে জয়নাল (৪৫) নামের ওই পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে অবতরণ করা ‘মালয়েশিয়ান এয়ারলাইন্সের’ একটি বিমানে পরিচ্ছন্নতার কাজ সেরে ফেরার পথে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জয়নালকে তল্লাশি করা হয়।
“এ সময় তার জুতার মধ্যে বিশেষভাবে রাখা সোনার বিস্কুটগুলো পাওয়া যায়।”
উদ্ধার করা সাড়ে চার কেজি সোনার দাম প্রায় দুই কোটি টাকা বলে জানান তিনি।
কামরুল হাসান জানান, জয়নালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
গত বছরের মাঝামাঝি সময় থেকে ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায়ই বিভিন্ন উপায়ে আনা ‘সোনার চালান’ আটক করছেন শুল্ক গোয়েন্দারা। এসব চালান বহনকারীদের মধ্যেও কয়েকজনকে আটক করা হয়েছে।
