‘সৌন্দর্যবর্ধন নয়, সৌন্দর্যহানি’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে রাজধানীর সড়কগুলোর সৌন্দর্য বাড়ানোর কর্মসূচিকে ‘অর্থ অপচয়কারী কার্যক্রম’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট।
মঙ্গলবার সংগঠনটির সভাপতি আবু সাঈদ এম আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই কাজে রুচিহীনতার প্রকাশও ঘটছে।
আগামী ৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল ভেন্যু ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
আর এ আয়োজনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ, যাতে ১১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
সড়কদ্বীপ ও ডিভাইডারে সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে ইট-কংক্রিটের দেয়াল তৈরি করে তা টাইলস দিয়ে আবৃত করা হচ্ছে।
ফাইল ছবি
আবু সাঈদ বলেন, “এ ধরনের টাইলস টয়লেট ও রান্নাঘরে ব্যবহার করা হয়। নান্দনিকতার যে কোনো মাপকাঠিতে তা রুচিহীন ও দৃষ্টিকটূ।”
এই কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়ে অবিলম্বে পেশাজীবী প্রতিষ্ঠান ও চারুকলা ইন্সটিটিউটের প্রতিনিধিদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের দাবি জানিয়েছে স্থপতি ইন্সটিটিউট।
শেষ সময়ে তড়িঘড়ি করে এই কাজ করার ফলে পথে বেরিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে বলেও নগরবাসীর অভিযোগ।
নগর পরিকল্পনাবিদরা এজন্য প্রশাসনের অদূরদর্শিতাকে দায়ী করে রাতে মেরামতের কাজ করার পরামর্শ দিয়েছেন।
উন্নয়নের দুর্ভোগ
