অভয়নগরে ১২টি কেন্দ্র গুরুত্বপূর্ণ
রাত পোহালেই ভোট গ্রহণ শুরু হবে প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচনে।
যশোরের অভয়নগর উপজেলায়ও বুধবার নির্বাচন হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ শিফাত।
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে বিজিবির পাশাপাশি সেনাবাহিনী, ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ থাকবে।
আট ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় গ্রাম ১২৬টি। নির্বাচনকে ঘিরে এই গোটা এলাকায় এখন প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ বিরাজ করছে। ৬২ ভোট কেন্দ্রে ১ লাখ ৭১ হাজার ৭০ জন ভোটার ভোট দেবেন বলে জানিয়েছেন ইউএনও।
কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ না হলেও বেশ কয়েকটি কেন্দ্র গুরুত্বপূর্ণ বলে স্বীকার করেন তিনি।
এ রকম ১২টি কেন্দ্রে বিজিবির পাশাপাশি সেনা টহল জোরদার করা হয়েছে।
সোমবার মধ্য রাত থেকে নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ রয়েছে।
এ উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীর নাম থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত রবিন অধিকারী ব্যাচা ও বিএনপি সমর্থিত নুরুল হক মোল্লা বাঘা।
পোস্টার, ব্যানার, ফেস্টুন আর নির্বাচনী অফিসে ছেয়ে গেছে গোটা উপজেলা। এখানে চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন ও মহিলা ভাইস চেয়ারম্যান তিন জন প্রার্থী নির্বাচন করছেন।
রবিন অধিকারী জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত অভয়নগর উপজেলা উপহার দেবেন। একইসাথে জনগণকে সাথে নিয়ে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবেন।
বিএনপি নেতা নুরুল হক মোল্লা জানিয়েছেন, ইতোপূর্বে তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। সেই সময়ের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগিয়ে অভয়নগরকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলবেন।
