২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেক প্রতারণার মামলায় দুই শিল্পপতির বিরুদ্ধে পরোয়ানা

চেক প্রতারণার মামলায় শুনানিতে হাজির না হওয়ায় দুই শিল্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 11:01 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

মঙ্গলবার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান এ আদেশ দেন।

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা হলেন নূরজাহান গ্রুপের প্রতিষ্ঠান মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জহির আহম্মদ এবং তার ভাই মেসার্স জাসমিয়া ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান টিপু সুলতান।

জহির আহম্মদ ও টিপু সুলতান যৌথভাবে একটি মামলায় এবং টিপু সুলতান এককভাবে তিনটি মামলার আসামি।

চারটি মামলাতেই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানিয়েছেন ওই আদালতে রাষ্ট্রপক্ষের কৌসুঁলি কামাল উদ্দিন আহাম্মদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেক প্রতারণার চার মামলায় মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির দিন ছিল। এদিন আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।”

আদালত সূত্র জানায়, চট্টগ্রামের ফৌজদারহাট শিল্প এলাকার মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেডের নামে কমার্স ব্যাংক থেকে ৫৫ কোটি টাকা ঋণ নেয়া হয়।

ঋণের অর্থ পরিশোধের জন্য ২০১২ সালের ২৩ এপ্রিল মার্কেন্টাইল ব্যাংকের খাতুনগঞ্জ শাখার একটি হিসাব নম্বরের বিপরীতে পাঁচ কোটি টাকার একটি চেক দেয়া হয়।

কিন্তু মার্কেন্টাইল ব্যাংকের ওই হিসাব নম্বরে পর্যাপ্ত তহবিল না থাকায় টাকা উত্তোলনে ব্যর্থ হয় কমার্স ব্যাংক কর্তৃপক্ষ।

পরে কমার্স ব্যাংকের পক্ষ থেকে জহির আহম্মদ ও টিপু সুলতানের বিরুদ্ধে মামলা হয়।

আদালত আগামী ৪ মার্চ এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছে।

অন্যদিকে সোনালী ব্যাংক থেকে বিভিন্ন সময়ে নেয়া ঋণের বিপরীতে ২০১২ সালের ২৮ জুন পাঁচ কোটি টাকা করে দুটি এবং চার কোটি টাকার একটি চেক দেন মেসার্স জাসমিয়া ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান টিপু সুলতান।

ওই বছরের ৫ অগাস্ট চেক তিনটি পর্যাপ্ত তহবিলের অভাবে প্রত্যাখ্যাত হওয়ার পর ২৮ অক্টোবর সোনালী ব্যাংকের এক কর্মকর্তা বাদি হয়ে তিনটি চেকের বিপরীতে পৃথক মামলা করেন।

আদালত আগামী ৫ মার্চ মামলা তিনটির অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ঠিক করেছে বলে জানান কৌসুঁলি কামাল উদ্দিন আহাম্মদ ।