বুড়িগঙ্গায় যুবকের লাশ
রাজধানীর সোয়ারীঘাটের বুড়িগঙ্গা নদী থেকে পায়ে ইট বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার পরনে ছিল জিন্স প্যান্ট ও লাল গেঞ্জি। বয়স আনুমানিক বিশ হবে বলে পুলিশ জানিয়েছে।
কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার সকালে ওই যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী তাদের খবর দেয়।
অর্ধ-ভাসমান লাশটি উদ্ধারের পর দেখা যায় ডান পায়ে একটি বস্তা বাঁধা। পরে বস্তা খুলে তার ভিতরে চৌদ্দটি ইট পাওয়া যায়। পুলিশের ধারণা শ্বাসরোধে হত্যার পর লাশটি গুমের উদ্দেশ্যে ইট বেঁধে ডুবিয়ে দেয়া হয়েছিল।
এসআই জালাল জানিয়েছেন, ওই যুবকের প্যান্টের ডান পকেটে পলিথিন মোড়ানো একটি চিরকুট পাওয়া গেছে, যাতে একটি ফোন নম্বর ছিল। পরে ওই নম্বরে ফোন করলে এক নারী জানান তার নাতি হিমেলকে শুক্রবার থেকে পাওয়া যাচ্ছে না। তাদের বাসা পুরান ঢাকার সাতরওজায়।
তবে লাশটি হিমেলের কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।
লাশ শনাক্তে ওই নারীকে সলিমুল্লাহ মেডিকেল মর্গে আসতে বলা হয়েছে বলেও জানান তিনি।
