২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরলেন প্রতারণার শিকার ১১ শ্রমিক

রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার ১১ বাংলাদেশি শ্রমিক ইরাকে পুলিশের হেফাজতে থাকার পর দেশে ফিরেছেন।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 01:43 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

সোমবার সকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বলে জানিয়েছেন জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন্নাহার।

ফেরত আসা শ্রমিক দিনাজপুরের মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের চারটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা ২৭ জন ১১ মাস আগে ইরাক যান।

মর্নিং সান, আইডিয়া এন্টারপ্রাইজ, ইস্টবেঙ্গল ও মেঘনা ট্রেড তাদের প্রত্যেকের কাছ থেকে ৩ থেকে সাড়ে চার লাখ টাকা নিয়ে ইরাকের নাজাফে অবস্থিত এমকুদিয়া নোমে একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে পাঠায়।

“কিন্তু সেখানে গিয়ে জানতে পারি ওই কোম্পানিতে কোনো কাজ নেই। তখনই এজেন্সিগুলোর প্রতারণার বিষয়টি ধরা পড়ে।”

এরপর থেকেই তারা পুলিশের হেফাজতে ছিলেন বলে জানান মোজাম্মেল।

তিনি বলেন, ২৭ জনের মধ্যে ১১ জন শ্রমিক তিন মাস আগে দেশে ফিরেছেন। একজন ওই কোম্পানিতে চাকরি করছেন। আর বাকিরা এখনো পুলিশের হেফাজতে রয়েছেন।