টঙ্গীতে টহল গাড়ি উল্টে দুই পুলিশ আহত
গাজীপুরের টঙ্গীতে একটি টহল গাড়ি উল্টে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
সোমবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চেরাগ আলী মার্কেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- এএসআই তাজুল ইসলাম ও কনস্টেবল রেফায়েত উল্লাহ।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন বলেন, রাতে দায়িত্ব পালন শেষে ভোর সাড়ে ৪টার দিকে পুলিশের টহল গাড়িটি টঙ্গী থানার দিকে যাচ্ছিল।
“চেরাগ আলী মার্কেট এলাকায় আফতাব ফিলিং স্টেশন এলাকায় পেছন থেকে একটি কভার্ড ভ্যান ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে টহল গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়।”
ওসি জানান, এএসআই তাজুল মাথায় আঘাত পেয়েছেন। আর কনস্টেবল রেফায়েতের ডান হাত ভেঙ্গে গেছে।
তাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রেফায়েতকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
