২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত শিক্ষার্থীর স্মরণে স্কুলে স্কুলে প্রার্থনা

বনভোজনের গাড়ি দুর্ঘটনায় সাত শিক্ষার্থী নিহতের ঘটনায় সোমবার দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশেষ প্রার্থনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 01:40 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

গত শনিবার যশোরের চৌগাছা উপজেলায় স্কুল শিক্ষার্থীদের পিকনিকের বাস পুকুরে পড়ে সাত শিশু নিহত হয়। এ ঘটনায় আহত হয় অর্ধশত শিক্ষার্থী।

সোমবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রার্থনায় অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

এ সময় তিনি বলেন, সতর্কতার সঙ্গে গাড়ি চালালে এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। এতে অনেক মূল্যবান জীবন রক্ষা পেতে পারে।

চালকদের উপযুক্ত প্রশিক্ষণের উপর জোর দিয়ে তাদের সর্তকতার সঙ্গে গাড়ি চালানোরও পরামর্শ দেন মন্ত্রী।

তিনি নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়া আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করেন ফিজার।

প্রার্থনায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন ও ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তারসহ মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুঞ্জুআরা বেগম জানান, স্কুল শাখায় সকাল সাড়ে ১০টায় বিশেষ দোয়া হয়েছে।

কোতোয়ালি থানার সহকারী শিক্ষা কর্মকর্তা জিন্নাত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনা হয়েছে।