আর বায়না করবে না সুরাইয়া-জেবা
‘পিকনিকে যাওয়ার সময় নানুভাইরা আমাকে সালাম দিয়ে বলেছিল, নানু চলে যাচ্ছি দোয়া করবেন। সত্যিই ওরা চলে গেল। আর ফিরবে না।’
কথাগুলো বলতে বলতে মূর্ছা যাচ্ছিলেন বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী সুরাইয়া আফরিন ও তৃতীয় শ্রেণির জেবাইয়া আফরিনের বৃদ্ধা নানি নুরুন্নাহার বেগম।
শনিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের তালিকায় ছিল এই দুইজনও। বছর দুয়েক আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মা মারা যাওয়ার পর নানির কাছেই থাকতো তারা। সুরাইয়ার বয়স এগারো, আর জেবাইয়ার সাত। নানা বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ছিল তাদের স্কুল। মেধাবী সুরাইয়া প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কখনো দ্বিতীয় হয়নি। তাই শিক্ষকরাও বেশ পছন্দ করত তাদের।
নানি নুরুন্নাহার জানান, পিকনিকের কয়দিন আগে চাঁদার জন্য মামাদের কাছে আব্দার করে দুই বোন। ভাগ্নিদের আব্দার রক্ষায় পিকনিকের চাঁদাও দেয়া হয়। এরপর থেকে খুশি যেন আর ধরে না।
“শনিবার সকালে আমার, মামা, মামিদের কাছ থেকে বিদায় নিয়ে ওরা বাসে করে বেনাপোল থেকে সকাল ৮টায় রওনা দেয় মুজিব নগরের উদ্দেশ্যে। ওইদিন রাত সাড়ে ৮টায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তাদের বাসটি,” বলেন নানি নুরুন্নাহার বেগম।
স্বজনরা জানান, বেনাপোলের কাগজপুকুর গ্রামের সৈয়দ আলী ১৩ বছর আগে বিয়ে করেছিল ছোট আঁচড়া গ্রামের মোমরেজ সর্দারের মেয়ে মনোয়ারা খাতুন ওরফে মিনুকে। হঠাৎ করে মনোয়ারার শরীরে ধরা পড়ে ক্যান্সার। সর্বস্ব শেষ করে চিকিৎসা করেও বাচাঁনো যায়নি তাকে।
“সন্তানদের মুখের দিকে তাকিয়ে এরপর আর বিয়ে করেনি ওদের বাবা। সেই সন্তানরাও চলে গেল। ও এখন কার দিকে তাকিয়ে বেঁচে থাকবে?,” আক্ষেপ করে বলছিলেন নুরুন্নাহার।
মামা আব্দুল হক বলেন, “ওরা দুই বোন আমাদের বাড়িতে থেকেই পড়াশুনা করতো। তারা মেধাবী ছিল। মেয়ের মত করেই তাদের দুজনকে মানুষ করছিলাম। কিন্তু আল্লাহ তাদেরকেও কেড়ে নিলেন।”
রোববার বেনাপোল বলফিল্ডে জানাজা শেষে ছোটআচড়া গ্রামে মায়ের কবরের পাশে দাফন করা হয় দুই বোনকে।
দুর্ঘটনা কবলিত বাসটিতে থাকা সহপাঠী শেফালি বলে, “বাসের মধ্যে বসার জন্য অনেক বেঞ্চ দেয় স্যাররা। আমরা খাওয়া দাওয়া শেষে সন্ধ্যায় বাসে করে বাড়ি ফিরছিলাম। চৌগাছার ঝাউতলা নামক স্থানে এলে ড্রাইভার খুব জোরে ব্রেক করে। এর পর গাড়ি উল্টে পাশে পুকুরে পড়ে।”
পরে জানালা ভেঙে অন্যদের বের করা গেলেও চাপা পড়ে মারা যায় সুরাইয়া ও জেবা।
