২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত বিচার আইন আরো ৫ বছর

বহু আলোচিত ‘দ্রুত বিচার আইন’ আরো পাঁচ বছর চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 12:34 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন- ২০১৪’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত দ্রুত বিচার আইনের কার্যকাল বাড়ানো হয়েছে। এ বছর ৭ এপ্রিল এ আইনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০২ সালে দ্রুত বিচার আইন জারি করে দুই বছরের জন্য তা কার্যকর করা হয়। এরপর বিভিন্ন সময়ে এ আইনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০১২ সালে আরো দুই বছর আইনটি বলবৎ রাখার সিদ্ধান্ত হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার বছরের জন্য আইনটির কার্যকাল বাড়ানোর প্রস্তাব করলেও মন্ত্রিসভা গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে পাঁচ বছরের জন্য মেয়াদ বাড়িয়েছে।”

মন্ত্রিসভার সায় পাওয়ায় যাচাই বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য আইনটি সংসদে তোলা হবে বলে জানান তিনি।

মোশাররাফ বলেন, চাঁদাবাজি, যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি, যানবাহনের ক্ষতি সাধন, স্থাবর-অস্থাবর সম্পত্তি বিনষ্ট, ছিনতাই, দস্যুতা, ত্রাস ও সন্ত্রাস সৃষ্টি, অরাজক পরিস্থিতি সৃষ্টি, দরপত্র কেনায় প্রতিবন্ধকতা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধ দ্রুততার সঙ্গে বিচারের জন্য এ আইন করা হয়েছিল।

সরকারের বাইরে থাকা দলগুলোকে দমনের জন্য এ আইনের মেয়াদ বাড়ানো হচ্ছে কি না- এমন প্রশ্নে সচিব বলেন, বিভিন্ন সরকারের আমলেই আইনটি কার্যকর ছিল।

“নির্দিষ্ট কোনো দলকে দমানোর জন্য যদি আইন হতো তাহলে ২০০২ সাল থেকে ২০১৪ পর্যন্ত এ আইন কীভাবে চালু আছে? সময়ের পরীক্ষায় আইনটি উত্তীর্ণ হয়েছে।”

এ আইনে দোষী প্রমাণিত হলে দুই থেকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। প্রতি জেলায় গঠিত এক বা একাধিক দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ আইনের মামলার বিচার চলে।

এ আইনে ১২০ দিনের মধ্যে বিচারকাজ নিষ্পত্তি করার বিধান আছে। এই সময়ের মধ্যে নিষ্পত্তি করা না গেলে আরো ৬০ দিন সময় পাওয়া যাবে।

অবশ্য সময়সীমা বেঁধে দেয়া থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই ওই সময়ে বিচার শেষ করা সম্ভব হয় না বলে বিচারপ্রার্থীদের অভিযোগ রয়েছে।

আবার সরকার বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার কাজে এ আইন ব্যবহার করেছে বলে এর আগে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, “যখন এ ধরনের অপরাধ বেড়ে যায় তখন এ ধরনের আইনের প্রয়োজন হয়ে। এর আগে দু বছর করে অনেকবার মেয়াদ বাড়ানো হয়েছে। একবারে পাঁচ বছরের জন্য মেয়াদ বাড়ানোয় এটি আরো ইফিসিয়েন্ট হবে।”

বিসিব্লিউসি

সোমবার মন্ত্রিসভায় বৈঠকে বিমসটেক সেন্টার ফল ওয়েলথ অ্যান্ড ক্লাইমেট (বিসিব্লিউসি) প্রতিষ্ঠার জন্য মোমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন (এমওএ) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

মোশাররাফ জানান, বাংলাদেশ আঞ্চলিক সংগঠন বিমসটেকের সদস্য। এর সদর দপ্তর হবে ঢাকায়।

বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে নিয়ে বিমসটেক শুরু হলেও পরে নেপাল ও ভুটান এতে যোগ দেয়।

আগামী ১ থেকে ৪ মার্চ মিয়ানমানে বিমসটেকের প্রথম সম্মেলন হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওই সম্মেলনে প্রধানমন্ত্রীরও অংশ নেয়ার কথা আছে।

“বিমসটেকের কালচারাল ইন্ডাস্ট্রি অবজারভেটরিকে পরিচালনার দায়িত্ব দিতে বিমসটেক ইন্ডাস্ট্রিজ কমিশন হবে।”

বিমসটেকের আওতায় আবহাওয়া বিষয়ক একটি প্রতিষ্ঠান হবে জানিয়ে মোশাররাফ বলেন, এসব বিষয়েই ‘মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন’ স্বাক্ষর হবে। এতে সই করতে হলে সদস্য দেশের কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। মন্ত্রিসভা সেটাই অনুমোদন করেছে।

বিসিব্লিউসির আওতায় আবহাওয়ার সঠিক পূর্বাভাস দেয়া, আবহাওয়া বিজ্ঞানীদের মধ্যে গবেষণার তথ্য বিনিময়, কৃষি আবহাওয়ার ক্ষেত্রে উন্নত গবেষণা ছাড়াও বিভিন্ন সেমিনারের আয়োজন করা হবে।

সদস্য দেশগুলোর সংস্কৃতি ও শিল্পের তথ্যভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যে বিমসটেকের আওতায় আরেকটি কমিশন গঠন হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওই কমিশনের সদর দপ্তর হবে ভুটানে। প্রথম পরিচালকও হবেন ভুটান থেকে। সদস্য হিসাবে সব দেশের প্রতিনিধিরা থাকবেন।