স্বর্ণ ব্যবসায়ী মৃদুলকে পাওয়া গেল কুমিল্লায়
অপহৃত হওয়ার ছয় দিন পর চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরীকে জীবিত পাওয়া গেছে কুমিল্লার বুড়িচং থানার কংসনগর এলাকায়।
চট্টগ্রাম কোতোয়ালি থানার এসআই মো. কামারুজ্জামান জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কে বা কারা মৃদুলকে কংসনগর বাজারের কাছে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়।
“সংজ্ঞা ফিরলে মৃদুল বাজারের নৈশপ্রহরীর মোবাইল ফোন থেকে চট্টগ্রামে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরিবার আমাদের জানালে আমরা বুড়িচং থানায় খবর দেই।”
মৃদুল চৌধুরীকে বুড়িচং থানায় রাখা হয়েছে। তাকে বাড়িতে নিয়ে যেতে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের একটি দল কুমিল্লায় গেছে বলে কামারুজ্জামান জানান।
চট্টগ্রামে পুরাতন টেলিগ্রাফ রোড থেকে গত ১১ ফেব্রুয়ারি মৃদুল চৌধুরী অপহৃত হওয়ার পর তার পরিবার অভিযোগ করে, র্যর্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে একটি দল তাকে তুলে নিয়ে গেছে।
পরিবার ও স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়, ৮০ ভরি স্বর্ণ লুটের অভিযোগে মৃদুল হাকিম আদালতে র্যাব-২-এর মেজর রকিবুল আমিন, র্যর্যাবের সোর্স ফাহাদ চৌধুরী ও গাড়িচালক বাবুল পালের বিরুদ্ধে মামলা করেন। এর পরপরই অপহরণের ঘটনা ঘটে।
অপহরণের ঘটনার দিনই মৃদুলের ছোট ভাই শিমুল চৌধুরী কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন, পরে তা অপহরণ মামলায় রূপান্তর করা হয়।
মৃদুল ‘নিখোঁজ’ হওয়ার পর ছয় দিনেও মুক্তিপণের দাবিতে পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি। তাকে উদ্ধারের জন্য চট্টগ্রামের ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীকে ৪৮ ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছিলেন।
মৃদুল চট্টগ্রাম নিউ মার্কেটের দুলহান জুয়েলার্সের মালিক। হাজারিগলিতেও তার একটি গয়নার দোকান আছে।
