উপজেলা নির্বাচন; ৬ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
উপজেলা নির্বাচন ঘিরে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় চট্টগ্রাম (উত্তর) জেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
একই কারণে বগুড়া, জামালপুর, কিশোরগঞ্জ ও মাদারীপুরের পাঁচ নেতাকে বহিস্কার করেছে দলটি।
রোববার বিএনপির কেন্দ্রীয় দপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে তাদের বহিষ্কার করা হয়েছে।”
রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জেলা (উত্তর) বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিনকে বহিষ্কারের কথা জানানো হয়।
এছাড়া অন্য এক বিজ্ঞপ্তিতে বগুড়ার ধনুট উপজেলা বিএনপির সভাপতি তহিদুল আলম মামুন, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মানিক সওদাগর, কিশোরগঞ্জের নিকলী উপজেলা বিএনপির সদস্য আবু সাঈদ, মাদারীপুরের শিবচর থানা বিএনপির সদস্য নাজমূল হুদা চৌধুরী মিঠু ও শাহাদাৎ হোসেন খানের বহিষ্কারের কথা জানানো হয়।
আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতা করায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন।
