নারায়ণগঞ্জে পাঁচ কারাখানাকে জরিমানা
নারায়ণগঞ্জে পরিবেশ দূষণের দায়ে পাঁচটি কারাখানাকে ৮৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর এই জরিমানা করেন।
এর আগে শুনানিতে কারখানাগুলোর মালিক ও তাদের প্রতিনিধি উপস্থিত থেকে দোষ স্বীকার করে তিন মাসের মধ্যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপন করে দূষণ কমানোর অঙ্গীকার করেন।
মো. আলমগীর জানান, পরিবেশ ছাড়পত্র না নিয়েই এবং কারখানার তরল বর্জ্য পরিশোধন ছাড়াই সরাসরি পাশের একটি খালের মাধ্যমে শীতলক্ষ্যা নদীতে ফেলা হচ্ছিল।
এতে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে সদর উপজেলার ফতুল্লার শাসনগাঁও, পঞ্চবটি ও সস্তাপুর এলাকায় অবস্থিত মাদার কালার লিমিটেডকে ৩২ লাখ টাকা, পাইওনিয়ার সুয়েটার লিমিটেডকে (ওয়াশিং কারখানা) ১৮ লাখ টাকা, এমএস নিট কম্পাজিট লিমিটেডকে ২৮ লাখ টাকা, এস বি ডাইং এন্ড ফিনিসিং মিলসকে ৭ লাখ টাকা এবং হারুন ওয়াশিংকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
সরকার শীতলক্ষ্যা নদীকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসাবে ঘোষণা করেছে এবং এ নদীকে দূষণমুক্ত করার বিষয়ে হাইকোর্টেরও নির্দেশনা রয়েছে।
