আল-কায়েদার বার্তা নজরে আছে: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ নিয়ে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির বার্তা সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত বলে দেশটির পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা এই বার্তা সম্পর্কে অবগত আছি।”
আল-কায়েদার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্পষ্ট অবস্থান রয়েছে জানিয়ে তিনি বলেন, “রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধেও আমাদের অবস্থান রয়েছে।”
তিনি বলেন, “জাওয়াহিরি বাংলাদেশ সম্পর্কে যা বলেছেন, আমরা তা প্রত্যাখ্যান করেছি। বাংলাদেশ একটি উদার, সহনশীল মুসলিম দেশ, যেখানে আল-কায়েদার মতো উগ্রবাদীদের স্থান নেই।”
গত শনিবার আল-কায়েদা নেতা জাওয়াহিরির নাম ও ছবিসহ এক অডিও বার্তায় বাংলাদেশ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ‘ইসলামবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়।
গত বছরের হেফাজতকাণ্ডের সূত্র ধরে এই বার্তায় রাজপথে হাজার হাজার মানুষকে হত্যা করার অভিযোগ আনা হয়েছে সরকারের বিরুদ্ধে। আর বাংলাদেশ সরকারকে অভিহিত করা হয়েছে ‘ইসলামবিরোধী, ধর্মনিরপেক্ষ সরকার’ হিসাবে।
আল-কায়েদার এই বার্তার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রোববার জাতীয় সংসদে একাধিক সাংসদ বক্তব্য রেখেছেন।
সন্ত্রাসবাদী এই সংগঠনের সঙ্গে বাংলাদেশের কোনো গোষ্ঠী সম্পৃক্ত কি না তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন ক্ষমতাসীন দলের একাধিক সাংসদ।
আল-কায়েদা বাংলাদেশে জিহাদের ডাক দিলেও তাকে হুমকি মনে করছেন না জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “যে সব দেশে এই ধরনের ঘটনা (আল কায়েদার তৎপরতা) ঘটেছে, সেখানে স্থানীয়রা এতে ইন্ধন দেয়। কিন্তু আমাদের জনগণ আমাদের সঙ্গে আছে। এদেশের মানুষ জঙ্গিবাদ, সন্ত্রাস, আল কায়দা চায় না।”
এছাড়া জঙ্গিদের যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় দেশের সামরিক বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “আমাদের কাউন্টার টেররিজমের ওপর প্রশিক্ষণ রয়েছে। সব কিছু মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা মোকাবেলা করতে পারব।”
আল কায়েদা হুমকির তদন্তে সরকার
আল কায়েদার সঙ্গে সম্পর্ক নেই: জামায়াত
বাংলাদেশে জিহাদের ডাক ‘আল কায়েদার’
‘অডিও বার্তা বিষয়ে সচেতন আইনশৃঙ্খলা বাহিনী’
