বইমেলায় দৃষ্টি প্রতিবন্ধীরাও
বাংলা একাডেমি প্রাঙ্গণে নজরুল মঞ্চ আর বর্ধমান হাউসের মাঝের স্থানটিতে বিশেষ একটি স্টলের নাম স্পর্শ ব্রেইল প্রকাশনা। নামেই এর বিশেষত্বটা পরিস্কার হয়ে যাওয়ার কথা।
এবারের অমর একুশে গ্রন্থমেলায় দৃষ্টিহীনদের জন্য ব্রেইল পদ্ধতিতে প্রকাশিত বই নিয়ে এসেছে প্রকাশনাটি। এবার স্টলে মিলছে দৃষ্টিহীনদের জন্য ২৩টি বই। যদিও এর একটিও স্পর্শের নিজস্ব প্রকাশনা নয়।
রোববার স্টলে দৃষ্টিহীনদের পাশাপাশি উৎসুক দর্শনার্থীদেরও ভিড় দেখা গেল।
প্রকাশনা সংস্থাটি থেকে জানানো হয়, বাংলাদেশ ভিজ্যুয়ালি ইমপেয়ার্ড পিপলস সোসাইটি (বিভিআইপিএস) গ্রন্থমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির সহযোগীতায় স্টলটি চালাচ্ছে।
ব্রেইল পদ্ধতি হলো দৃষ্টিহীনদের শিক্ষাদানের একটি বিশেষ পদ্ধতি। এতে ছয়টি উঁচু বিন্দুকে বিভিন্নভাবে সাজিয়ে অক্ষর, সংখ্যা প্রভৃতি প্রকাশ করা হয়। একটি বিশেষ ছিদ্রযুক্ত ধাতব পাত অথবা টাইপরাইটার ব্যবহার করে ব্রেইল পদ্ধতিতে লেখা যায়। আঙুলের স্পর্শ অনুভূতি ব্যবহার করে পড়তে হয়।
স্টলের স্বেচ্ছাসেবক আল মামুন বলেন, “২০০৯ সালে সর্বপ্রথম অন্ধদের জন্য ব্রেইল বই প্রকাশের উদ্যোগ নেয়া হয়। ২০১১ সাল থেকে নিয়মিত আমরা মেলায় অংশ নিচ্ছি।”
“এবছর আমাদের নিজস্ব কোনো প্রকাশনা নেই। তবে আগামী বছর বাংলা একাডেমির সহযোগিতায় একটি বই প্রকাশের কথা রয়েছে।”
মামুন বলেন, “মূলত দৃষ্টিহীনদের বিষয়ে সমাজে সচেতনতা তৈরি করতেই আমাদের এ আয়োজন। এখানে দৃষ্টিহীনদের পাশাপাশি অনেকেই আসেন ব্রেইল পদ্ধতি সম্পর্কে জানতে।”
ঢাকা ইডেন কলেজের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রেহানা আক্তার স্টলে দাঁড়িয়ে হাতের স্পর্শে পড়ছিলেন বই।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলায় সবার জন্য বই থাকলেও দৃষ্টিহীনদের জন্য তেমন কিছু পাওয়া যায় না।”
ব্রেইল পদ্ধতিতে ছাপানো বইগুলোতে হাত বোলাতে দেখা যায় অনেককেই।
এদেরই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম খান বলেন, “বইমেলা যেহেতু সার্বজনীন, তাই এখানে দৃষ্টিহীনদের জন্যই বই থাকা উচিত।”
এবারই প্রথম গ্রন্থমেলা দুই অংশে ভাগ করে এর পরিসর বাড়ানো হয়েছে। মেলার মুল অংশ- বাংলা একাডেমি প্রাঙ্গণে রয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং শিশু-কিশোর প্রকাশনীর স্টল।
