২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদা নিয়ে অবস্থান স্পষ্ট করুন, খালেদাকে ইনু

বাংলাদেশকে নিয়ে আল কায়েদা নেতার নামে অডিওবার্তা ছড়িয়ে পড়ার পর ওই জঙ্গি সংগঠন সংশ্লিষ্টদের বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 10:10 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার বিকালে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার‌্যালয়ে কাজী আরেফ স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেছেন, “বাংলাদেশ সম্পর্কে আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির নাম ও ছবিসহ যে অডিওবার্তাটি প্রকাশ পেয়েছে সেটির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।”

বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যারা আল কায়েদার সঙ্গে যুক্ত তাদের ব্যাপারে আপনার অবস্থান পরিষ্কার করুন।”

তাদের ব্যাপারে বিএনপিনেত্রী নিজের অবস্থান স্পষ্ট না করলে তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য ‘বিপজ্জনক’ বিবেচিত হবেন বলে মন্তব্য করেন তিনি।

ইনু বলেন, “এখনো বেগম খালেদা জিয়া নির্বাচিত সাংবিধানিক সরকারকে অবৈধ বলছেন। নির্বাচন প্রতিহতের কথা বলে তারা দেশজুড়ে নাশকতা চালিয়ে মানুষকে হত্যা করেছেন।”

তথ্যমন্ত্রী বলেন, “যদি জাওয়াহিরির বার্তাটি সত্য হয় তবে তা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সরকারকে অস্বীকার করেছে, যার এখতিয়ার কারো নেই।

“বেগম খালেদা জিয়ার শাসনামলে আল কায়েদার সঙ্গে অনেক জঙ্গীদের সম্পর্ক স্থাপন হয়েছিল, যারা এখন কারাগারে রয়েছেন।

এসরকারের সময়েই আদালত যুদ্ধাপরাধীদের বিচার করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী ও জঙ্গীবাদের ব্যাপারে মহাজোট সরকার কাউকে একচুলও ছাড় দেবে না।

কাজী আরেফের ব্যাপারে স্মৃতিচারণ করতে গিয়ে জাসদ সভাপতি ইনু বলেন, “বাংলাদেশের রাজনীতির প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে তার সক্রিয় অংশগ্রহণ ছিল।”

‘৭৫ পরবর্তীতে বাংলাদেশের সামরিক শাসনবিরোধী আন্দোলনে কাজী আরেফ অগ্রণী ভুমিকা পালন করেছেন মন্তব্য করে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারকে ত্বরান্বিত করতে তার উদ্যোগ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।”

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায় ও জাসদের উপদেষ্টা সার্জেন্ট রফিকুল ইসলাম।