২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গের লেখকদের বই বিক্রির অনুমতি নয়

আগামী বইমেলাতেও পশ্চিমবঙ্গের কোনো লেখকের বই বিক্রির অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 09:50 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

মেলার সর্বশেষ অবস্থা নিয়ে রোববার বিকেলে একাডেমির প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনের একথা বলেন তিনি।

মহাপরিচালক তিনি বলেন, “আমি উদ্বোধনী অনুষ্ঠানে মেলাকে আন্তর্জাতিক করার যে বিষয়টি বলেছিলাম, সেটি ছিল মেলাকে আন্তর্জাতিক রূপ দেয়া। বিদেশি বই বিক্রি করার জন্য নয়।”

“আমরা আগামীবছর থেকে মেলায় আন্তর্জাতিক সাহিত্য কিংবা সংগীত সম্মেলন করতে পারি। বিদেশি লেখকদের এনে তাদের সাহিত্য সম্পর্কে জানতে পারি। কিন্তু পশ্চিমবঙ্গের কোনো লেখককের বই বিক্রির অনুমতি দেয়া হবে না।”

মেলার সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে শামসুজ্জামান বলেন, “এবারের মেলা ভিন্ন সুরে হচ্ছে। ফলে বেশ কিছু সমস্যা থাকলেও এই পর্যন্ত মেলা খুব ভালো যাচ্ছে। যেসব ত্রুটি-বিচ্যুতি আছে, তা আগামী বছর ঠিক করে ফেলা হবে।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন একাডেমির সচিব আলতাফ হোসেন, মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব শাহিদা খাতুন এবং বাংলা একাডেমির সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ।

এদিকে রোববার টিপটিপ বৃষ্টি আর কাদার মধ্যেও মেলায় বইয়ের বিকিকিনি ভালোই ছিল।

প্রকাশনা সংস্থা তাম্রলীপির স্বত্বাধিকারী এ কে এম তারিকুল ইসলাম রনির বলেন, “বৃষ্টির কারণে ভেবেছিলাম আজকের দিনটি একেবারেই মাটি হয়ে যাবে, কিন্তু তা হয় নি।

“বরং অন্যান্য দিনের তুলনায় আজকের বিক্রি বেশি। অন্য দিন যেখানে অনেকেই মেলা ঘুরতে আসেন, আজকে বৃষ্টির কারণে সেই সুযোগটা কমে যাওয়ায় বিক্রি ভালো হচ্ছে।”

অবসর প্রকাশনা সংস্থা বিক্রয় ব্যবস্থাপক মাসুদ রানা বললেন, “খুবই ভালো বিক্রি হচ্ছে। কারণ যারা আসছেন সবাই বই কিনছেন। এর চেয়েও বড় বিষয় হলো সবাই বই নেড়েচেড়ে দেখতে পারছেন, যা অন্যান্য দিন ভিড়ের কারণে পারেন না।”

রোববার একুশে গ্রন্থমেলার ১৬তম দিনে এসেছে ৫৯ টি নতুন বই আর উন্মোচন হয়েছে ১৩টি বইয়ের মোড়ক। এর মধ্যে রয়েছে গল্প ১১, উপন্যাস ৮, প্রবন্ধ ৫, কবিতা ১৭, গবেষণা ১, ছড়া ৩, শিশুতোষ ১, মুক্তিযুদ্ধ ২, বিজ্ঞান ১, ইতিহাস ৩ এবং অন্যান্য ৬টি।

বিকালে গ্রন্থমেলার মূলমঞ্চে জ্ঞানভিত্তিক সমাজ ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে তথ্য-প্রযুক্তি শীর্ষক আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মোস্তফা জাব্বার, তারিক সুজাত, অপরেশ বন্দ্যোপাধ্যায় এবং মাহবুব জামান।