গণতন্ত্র ও সংঘাত একসঙ্গে চলতে পারে না: মতিয়া
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, গণতন্ত্র ও দেশের উন্নয়নের জন্য সহিংসতার অবসান ঘটাতে হবে।
বৃহস্পতিবার সকালে মহাজোট সরকারের ৫ বছরের কার্যক্রম নিয়ে একটি প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সিরডাপ মিলনায়তনে ‘দৈনিক উন্নয়ন বার্তার প্রকাশনা ও উন্নয়ন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজক ছিল এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড।
মতিয়া চৌধুরী বলেন, “গণতন্ত্র ও সংঘাতময় পরিস্থিতি একসঙ্গে চলতে পারে না। দেশের উন্নয়নের জন্য সংঘাতময় পরিস্থিতি, সহিংসতার অবসান ঘটাতে হবে।”
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও তারা ছিলেন না। আমন্ত্রিত অতিথিদের মধ্যে শুধু অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, “অনেকের আসার কথা ছিল। শুধু অর্থ প্রতিমন্ত্রী রয়েছেন। অবশ্য উন্নয়নের জন্য অর্থের প্রয়োজন। এখানে সঠিক লোকটি এসেছেন।”
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে এসময় তিনি বলেন, “এ সরকারের সময়ও উন্নয়ন অব্যাহত থাকবে। আশা করি, এ বই আগামীতে আরো বড় হবে, সমৃদ্ধ হবে।”
