২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অডিও বার্তা বিষয়ে সচেতন আইনশৃঙ্খলা বাহিনী’ 

আল কায়েদার নামে প্রচারিত অডিও বার্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সচেতন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 09:09 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার নারায়ণগঞ্জে এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের বলেন, “আমরা বিষয়টি সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান করছি। তবে বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে।”

বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে নির্মিত আইসিটি এবং সিসি ক্যামেরা কন্ট্রোল রুমের উদ্বোধন শেষে মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

গত শনিবার আল-কায়েদা নেতা জাওয়াহিরির নাম ও ছবিসহ এক অডিও বার্তায় বাংলাদেশ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ‘ইসলামবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়।

আয়মান আল-জাওয়াহিরির নামে প্রচারিত ওই অডিও বার্তা সম্পর্কে আইজিপি বলেন, অডিও বার্তার সাথে হেফাজতের বা জামায়াতের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা বিশেষ গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা হচ্ছে। যদি কিছু বলার থাকে ভবিষ্যতে বলা হবে।

পরে তিনি শহরের মাসদাইর পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী রোমাইসা সামাদ, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি) জাবেদ পাটোয়ারী, ডিআইজি (ঢাকা রেঞ্জ) মাহফুজুল হক নুরুজ্জামান, পুলিশ সুপার সৈদয় নুরুল ইসলাম প্রমুখ।