এসএসসি: চতুর্থ দিনে বহিষ্কার ১৩৮
এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিনে রোববার বিভিন্ন বোর্ডে ১৩৪ পরীক্ষার্থী এবং চার পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
এদিন সারা দেশে পাঁচ হাজার ১১৯ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
এসএসসি পরীক্ষা উপলক্ষে স্থাপিত শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে রোববার এ তথ্য জানানো হয়।
এ নিয়ে গত তিন পরীক্ষায় ২২ হাজার ১৪০ পরীক্ষার্থী অনুপস্থিত এবং ২৬৬ পরীক্ষার্থী ও নয় পরিদর্শককে বহিষ্কার করা হল।
রোববার ৮টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে আরবি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডের অধীনে দাখিল ভোকেশনাল ও এসএসসি ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২ পরীক্ষা হয়েছে।
এদিন নকলের দায়ে কারিগরি বোর্ডে ১২, মাদ্রাসা বোর্ডে পাঁচ, ঢাকা বোর্ডে ৪০, রাজশাহীতে পাঁচ, কুমিল্লায় ৩২, যশোরে ১০, চট্টগ্রামে পাঁচ, সিলেটে চার, বরিশালে ১৫ এবং দিনাজপুর বোর্ডে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া ঢাকা বোর্ডে তিন জন এবং যশোর বোর্ডে এক পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
আর ঢাকা বোর্ডে এক হাজার ৪৯, রাজশাহীতে ৩০৬, কুমিল্লায় ৪৬২, যশোরে ৪২৩, চট্টগ্রামে ৩০৫, সিলেটে ২১৭, রবিশালে ২১৬ এবং দিনাজপুর বোর্ডে ২৭৩ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
এছাড়া মাদ্রাসা বোর্ডে ৮২৮ এবং কারিগরি বোর্ডে এক হাজার ৪০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
দেশের দুই হাজার ৯৪২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন শিক্ষার্থী।
এবার বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া বাকী ২১টি বিষয়ের পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে হচ্ছে।
আগামী ২০ মার্চ তত্ত্বীয় পরীক্ষা শেষে ২৩ থেকে ২৭ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে অর্থাৎ, ২০ মে’র মধ্যে ফল দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
এবার ২৭ হাজার ৪৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। এরমধ্যে সাত লাখ ৩৩ হাজার ২০২ জন ছাত্র এবং ছয় লাখ ৯৯ হাজার ৫২৫ জন ছাত্রী।
এবার আট বোর্ডের অধীনে এসএসসিতে ১০ লাখ ৯০ হাজার ৫৫৫ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৩৯ হাজার ৭৪৯ জন এবং এসএসসি ভোকেশনালে এক লাখ দুই হাজার ৪২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছে।
