এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ, শিক্ষক দণ্ডিত
এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত ইসলাম হোসেন (৫২) খলিশাকুন্ডি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
দৌলতপুর থানার এসআই আরিফ জানান, রোববার এসএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে ইসলাম হোসেন বিদ্যালয় সংলগ্ন তার নিজস্ব কোচিং সেন্টারে উত্তরপত্র তৈরি করে পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করছিলেন।
খবর পেয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তরপত্রসহ ওই শিক্ষককে হাতেনাতে আটক করেন। এরপর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে তার বিচার করা হয়।
