নির্বাচনী সহিংসতায় ৫৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত
দশম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সহিংসতায় সারা দেশে ৫৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব প্রতিষ্ঠান মেরামতের জন্য সাত কোটি ৮০ লাখ ৩৩ হাজার ৪৭৪ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে রোববার জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।
নির্বাচন প্রতিহত করার ডাক দিয়ে গত ৫ জানুয়ারি ভোটের আগের দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালায় বিএনপি-জামায়াতসহ বিরোধী জোটের কর্মীরা। এসব প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করার কথা ছিল।
ভোটের দিনও অনেক স্কুল-কলেজ-মাদ্রাসায় ভাংচুর ও আগুন দেয়া হয়।
মোয়াজ্জেম হোসেন রতনের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ লিখিত বক্তব্যে জানান, ভোটকেন্দ্র হিসাবে ব্যবহৃত ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, যেগুলোর মধ্যে ৮৭টি মাধ্যমিক, ১২টি কলেজ ও ২৬টি মাদ্রাসা রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি ২৫ লাখ টাকা বলেও জানান শিক্ষামন্ত্রী।
রতনের আরেক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার জানান, নির্বাচনকে ঘিরে ৪২৮টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রতিষ্ঠান মেরামতে পাঁচ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার ৪৭৪ টাকা বরাদ্দ করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়গুলো মেরামতের জন্য ইতোমধ্যে তিন কোটি সাত লাখ ৫০০ টাকা ছাড় করা হয়েছে বলেও জানান ফিজার।
গত ৭ জানুয়ারি শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশের ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়, ৮২টি উচ্চ বিদ্যালয়, ২১টি মাদ্রাসা এবং নয়টি কলেজে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দীর্ঘদিন ধরে পরীক্ষা অনুষ্ঠান নিয়ে আব্দুর রহমান বদির এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, “এখন দীর্ঘসময় ধরে পরীক্ষা হচ্ছে। আমার ব্যক্তিগত অভিমত হলো শিক্ষার্থীর জন্য মূল্যায়ন পদ্ধতি থাকতে হবে। পরীক্ষা হতে হবে দুই এক দিনে। দীর্ঘমেয়াদী পরীক্ষা হলে চলবে না।”তবে দীর্ঘমেয়াদী পরীক্ষা পদ্ধতি আপাতত পরিবর্তন করা যাচ্ছে না জানিয়ে নাহিদ বলেছেন, ভবিষ্যতে পরীক্ষার সময়কাল কমিয়ে আনার চিন্তা সরকারের রয়েছে।
ফরিদুল হক খানের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল এবং প্রতিটি বিভাগীয় শহরে একটি করে মেয়েদের কারিগরি স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের পরিকল্পনা সরকারের আছে।
প্রাথমিকভাবে ১০০টি উপজেলায় স্কুল স্থাপনের প্রকল্পটি একনেকে অনুমোদন হয়েছে বলেও জানান নাহিদ।
ভোটের আগুনে পুড়ছে স্কুল
‘অনুদানের আশায়’ স্কুলের বেঞ্চে আগুন, প্রধান শিক্ষক গ্রেপ্তার
নাশকতার শিকার ৫৩১ স্কুল
