মিল্কী হত্যা: লোপার জামিন স্থগিত
যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলার আসামি ফাহিমা ইসলাম লোপাকে দেয়া হাই কোর্টের জামিন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের আবেদনে রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী চার সপ্তাহের জন্য ওই জামিন আদেশ স্থগিত করেন।
গত ৯ ফেব্রুয়ারি হাই কোর্টের একটি বেঞ্চ লোপাকে ছয় মাসের জামিন দেয়। লোপার স্বামী ব্যবসায়ী মারুফ রেজা সাগর হত্যাকাণ্ডের দিন যুবলীগ নেতা মিল্কীর সঙ্গে ছিলেন।
পুলিশের দাবি, মিল্কী হত্যার মূল সন্দেহভাজন যুবলীগ নেতা এইচ এম জাহিদ সিদ্দিক তারেকের সঙ্গে লোপার সম্পর্ক ছিল এবং তিনি মিল্কীর গতিবিধি তারেককে জানাচ্ছিলেন।
গত বছরের ২৯ জুলাই মিল্কী খুন হওয়ার দুই দিনের মাথায় তারেককে গ্রেপ্তার পরে পুলিশ। তবে ওই দিনই তিনি কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
মিল্কী ছিলেন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক। তারেক ছিলেন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্মসাধারণ সম্পাদক।
হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন হিসাবে ওই বছরের ৮ অগাস্ট গ্রেপ্তার করা হয় লোপাকে। ওই মামলায় এজাহারভুক্ত ১১ আসামির মধ্যে তার নাম নেই।
গ্রেপ্তারের ১২০ দিনের মধ্যে অভিযোগপত্র না হওয়ায় এবং নারী হওয়ার কারণে আদালত লোপাকে জামিন দিয়েছিল বলে তার আইনজীবী জানান।
মিল্কী হত্যার ঘটনায় গুলশান থানায় একটি মামলা করেন তার ভাই মেজর রাশিদুল হক খান। এতে তারেকসহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়।
