২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোরো ধানে লাভ কম, সরিষায় আগ্রহী চাষিরা

বোরো ধানে লাভ কম হওয়ায় ফেনীর চাষিরা ঝুঁকে পড়ছে সরিষা চাষে। 

নাজমুল হক শামীম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 10:13 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

তাই আমন তোলার পরপরই বপন করেছে সরিষা। সরিষা ফুলের হলুদ চাদরে ঢাকা পড়েছে এখন জেলার বিস্তীর্ণ মাঠ।

কম খরচে বেশি ফলন হওয়ায় চলতি বছর জেলায় লক্ষ্যমাত্রার দ্বিগুণ সরিষা উৎপাদন হয়েছে বলে দাবি করছে জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুনীল চন্দ্র ধর জানান, ২০০৮ সালে ফেনীতে ৩৫৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছিল। ছয় বছরের ব্যবধানে এবার লক্ষ্যমাত্রা ৯২৪ হেক্টর হলেও আবাদ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬২০ হেক্টরে।

ইরি-বোরো চাষে খরচ বেড়ে যাওয়ায় বোরো আবাদের আগে খরচ পোষাতেই সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন এখানকার কৃষকরা।

নতুন জাতের বারি সরিষা-১৪ রোপনে উৎসাহিত করায় কৃষকরা ভাল ফলন পাচ্ছেন। প্রতি হেক্টরে ফলন দুই টন ফলন হয় এ সরিষায়।

১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সরিষা আবাদ করে ফেব্রুয়ারির প্রথম সাপ্তাহ থেকে মাঝামাঝি সময়ে সরিষা ঘরে তোলা যায়। ইত্যেমধ্যে কিছু কিছু জমিতে ফসল কাটা শুরু হয়েছে।

এ বছর জেলায় ১৩ হাজার কৃষক সরিষা চাষে যুক্ত হয়েছে বলে জানান সুনীল চন্দ্র ধর।

সরিষা চাষি আব্দুল আলিম জানান, যেখানে এক একর জমিতে বোরো চাষে, বীজ, সেচ, সার, কীটনাশকসহ, খরচ পড়ে ২২ থেকে ২৫ হাজার টাকা। আর ফলন পাওয়া যায় ২৮ থেকে ৩০ হাজার টাকার।

তার স্থলে একই জমিতে সরিষা চাষে বীজ ও সামান্য সেচ খরচসহ খরচ পড়ে মাত্র ৫ হাজার টাকা। খরচ বাদে একর প্রতি কৃষকদের লাভ থাকে ১৫ থেকে ১৬ হাজার টাকা।

জমিতে এক কেজি সরিষার বীজ বপন করে তিন কেজি সরিষা পাওয়া যায়। এক একরে এক হাজার কেজি সরিষা তোলা যায়।

ফেনী কৃষি সম্প্রসারণ বিবাগের শস্য উৎপাদন বিশেষজ্ঞ মো. জাহেদুল হক জানান, ভবিষ্যতে আরো বেশি জমিতে চাষিরা সরিষা চাষ করতে পারলে অচিরেই সরিষার জমিতে মৌমাছির বাক্স বসিয়ে পরাগায়নের মাধ্যমে ফলন বাড়ানো যাবে।

জমিতে সরিষার চাষ করলে সরিষার ফুল ও সরিষা ঝরে পড়ে মাটিতে মিশে মাটির উর্বরতাও বৃদ্ধি করে, যা পরবর্তীতে রোরো আবাদে অধিক ফলন পেতে সার হিসেবে সাহায্য করে, বলেন তিনি।