২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অপহৃত শিশু শেরপুরে উদ্ধার, গ্রেপ্তার ১

ঢাকা থেকে অপহরণ করা নয় মাসের এক শিশুকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 08:29 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শনিবার বিকাল ৩টায় মরিয়মনগর থেকে উদ্ধার শিশু রবিউল ঢাকার বনানী সাততলা বস্তি এলাকার ইদ্রিছ গাজীর ছেলে। শুক্রবার সাততলা বস্তি থেকে শিশুটিকে অপহরণ করা হয়।

গ্রেপ্তার খোকন (৩০) ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের আলাম গাজীর ছেলে।

পুলিশ জানায়, খোকন বনানী বস্তিতে থেকে রাজমিস্ত্রির যোগালীর কাজ করত এবং ইদ্রিছ গাজীর পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করত।

শেরপুরের ঝিনাইগাতী থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খোকনকে ঝিনাইগাতী থানা হাজতে রাখা হয়েছে।

উদ্ধার করা রবিউলকে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশীদের জিম্মায় রাখা হয়েছে, বলেন তিনি।

ওসি বলেন, শিশুটির উদ্ধারের খবর তার বাবা-মাকে জানানো হয়েছে। শেরপুর এসে পৌঁছালে শিশুটিকে তাদের হাতে তুলে দেয়া হবে।

এদিকে বনানী থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, রবিউলকে অপহরণের পর তার বাবা ইদ্রিস আলী বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

তিনি জানান, শুক্রবার ইদ্রিসের স্ত্রীর সঙ্গে খোকনের ঝগড়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে খোকন ওই শিশুকে অপহরণ করে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগরে চাচা শ্বশুর আনছার আলীর বাড়িতে নিয়ে যায়।

মা ছাড়া শিশুকে এভাবে ঢাকা থেকে নিয়ে আসার পর স্থানীয় লোকজনের সন্দেহ হলে বিষয়টি তারা ঝিনাইগাতী থানা পুলিশকে জানান। পরে ওই থানার পুলিশ শনিবার বিকালে মরিয়ম নগর গিয়ে শিশুটিকে উদ্ধার করে।